রূপগঞ্জে সদর ইউনিয়ন লকডাউন

করোনা সংক্রমণ ঝুঁকিপূর্ণ হওয়ায় রেড জোন বিবেচনা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নকে আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে আনুষ্ঠানিক লকডাউন ঘোষণা দিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি।
দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে জেলা প্রশাসক জসিম উদ্দিন এই ঘোষণা দেন। ইউএনও মমতাজ বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদ আল মামুন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। করোনায় সংক্রমিত হয়েছে ৬৪২ জন। আক্রান্তদের মধ্যে রূপগঞ্জ সদর ইউনিয়নে এ সংখ্যা ৭৭। আইসোলেশনে সুস্থ হয়েছে ১৯২ জন।
জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, করোনায় সংক্রমিত সংখ্যা বেড়ে যাওয়ায় এ উপজেলাকে করোনার রেড জোন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ কারণে সদর ইউনিয়ন লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে সদর ইউনিয়নে লকডাউন কার্যকর হবে। এ লকডাউন আগামী ১৪ দিন, প্রয়োজনে ২১ দিন পর্যন্ত রাখা হবে। পরে আক্রান্তের সংখ্যা কমে গেলে লকডাউন উঠিয়ে নেওয়া হবে।
জেলা প্রশাসক জসিম উদ্দিন আরও বলেন, ইউনিয়নে ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। সদর ইউনিয়নের সব চাকরিজীবী সাধারণ ছুটির আওতায় থাকবেন। তবে তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে পূর্ণ বেতন পাবেন। তাঁদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাড়ি পৌঁছে দেওয়া হবে। লকডাউন চলার সময় কেউ অসুস্থ হলে তাদের সেবা দিতে চিকিৎসক দল পৌঁছে যাবে।
জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, লকডাউন কঠোরভাবে পালন করতে পুলিশ মাঠে কাজ করবে। সদর ইউনিয়নের প্রবেশের মূল তিনটি পয়েন্ট কাঞ্চন, নীলা মার্কেট ও কায়েতপাড়া পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হবে। পুলিশের টহল ও প্রশাসনের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।