রূপগঞ্জে সবজিবোঝাই ট্রাক খাদে, নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া থেকে চট্টগ্রামে যাওয়ার পথে সবজিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে গিয়ে সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার জয়দেবপুর-ভুলতা-মদনপুর (ঢাকা বাইপাস) সড়কে এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান রাত ১২টা ৪০ মিনিটে প্রথম আলোকে জানান, সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের ঢাকা ও নারায়ণগঞ্জে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আসাদুজ্জামান আরও বলেন, ট্রাকটি সবজিবোঝাই ছিল। সম্ভবত হতাহত ব্যক্তিদের সবাই ছিলেন সবজি ব্যবসায়ী। ওই ব্যবসায়ীরা ট্রাকে সবজির ওপর ছিলেন বলে ধারণা করা হচ্ছে।