রূপগঞ্জে সাংসদ-চেয়ারম্যানের দ্বন্দ্বের নেপথ্যে প্রভাব বিস্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরোধের নেপথ্যে রয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের চাল-গম বরাদ্দ, বিভিন্ন দপ্তরের দরপত্র, রপ্তানিমুখী পোশাক কারখানার পরিত্যক্ত কাপড় (ঝুট) ব্যবসা, আবাসন কোম্পানির জমি কেনাবেচার দালালি এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নিয়োগে আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা। স্থানীয় নেতা-কর্মী ও লোকজনের সঙ্গে কথা বলে এ কথা জানা গেছে।বিরোধের জের ধরে গত মঙ্গলবার সাংসদ গোলাম দস্তগীর গাজী এবং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়। এ সময় ভাঙচুর করা হয় উপজেলা পরিষদের তিনটি কার্যালয়, কর্মচারীদের আবাসিক কোয়ার্টার এবং চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িসহ নয়টি যানবাহন। সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বুধবার রূপগঞ্জের বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গে কথা বলে সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের দ্বন্দ্বের বিষয়ে বিভিন্ন তথ্য জানা গেছে। ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হন গোলাম দস্তগীর গাজী। এর কিছুদিন পর অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন শাহজাহান ভূঁইয়া। প্রথম দিকে দুজনের মধ্যে সুসম্পর্ক ছিল। কিন্তু তাঁদের দ্বন্দ্ব শুরু হয় ২০০৯ সালের নভেম্বর থেকে। সাংসদ ও চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্বের মূলে রয়েছে এলাকায় নিজ নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা। রূপগঞ্জে রাজউকের পূর্বাঞ্চল আবাসন প্রকল্পকে ঘিরে অর্ধশতাধিক বেসরকারি আবাসন প্রকল্প গড়ে উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এসব জমি কেনাবেচায় দালাল হিসেবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এ ছাড়া রূপগঞ্জে ছোট-বড় শতাধিক রপ্তানিমুখী পোশাকশিল্পসহ বস্ত্রশিল্পের বিভিন্ন কারখানা গড়ে উঠেছে। এসব কারখানার পরিত্যক্ত কাপড়ের (ঝুট) ব্যবসা হয় প্রতি মাসে কয়েক কোটি টাকার। দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য উৎপাদনকারী কারখানা সিটি গ্রুপের (তীর ব্র্যান্ড) বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক নিয়োগসহ নানা ব্যবসায় ক্ষমতাসীন দলের লোকজন সব সময় প্রাধান্য পায়। এ ছাড়া স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঠিকাদারি ব্যবসার পুরোটাই ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে। কাবিখা-টিআর প্রকল্পের বরাদ্দ নিয়ে হরিলুট চলছে রাজনৈতিক ক্ষমতার মদদে। এসব কিছু এককভাবে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা থেকেই মূলত সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে বিরোধ শুরু হয়।জানতে চাইলে সাংসদ গোলাম দস্তগীর গাজী গতকাল প্রথম আলোকে বলেন, ‘সরকারি চাকরিতে লোক নিয়োগ দেওয়ার নামে টাকা নিতেন শাহজাহান ভূঁইয়া। টিআর-কাবিখা প্রকল্পের চাল-গমের মূল্য পাওয়া যেত অর্ধেকের কম। সওজ ও এলজিইডির ঠিকাদারি নিয়ন্ত্রণ করত শাহজাহান সিন্ডিকেট। তাদের কথার বাইরে কেউ দরপত্র শিডিউল কিনতে অথবা জমা দিতে পারত না। আমি এসব অনৈতিক সিন্ডিকেট ভেঙে দিয়েছি। এ জন্য শাহজাহান আমার ওপর ক্ষুব্ধ।’তবে উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া পাল্টা অভিযোগ করেন, ‘রূপগঞ্জের কোনো মানুষ সাংসদের সঙ্গে নেই। তাঁর কোনো সাংগঠনিক দক্ষতা নেই। তিনি বিএনপির লোকজন নিয়ে রাজনীতি করেন। শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগের কমিটি করেছেন নিজের পোষ্যদের নিয়ে। দলের সবাইকে তিনি গাজী গ্রুপের কর্মচারী মনে করেন। আমি এসব নিয়ে কথা বলায় সাংসদ আমার ওপর ক্ষুব্ধ হন। তাঁর লোকজনই মঙ্গলবার আমাদের ওপর হামলা চালিয়েছে।’নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল হাই প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবারের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি নষ্ট হয়। বুধবার আমি এলাকায় গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে সবাইকে শান্ত থাকার এবং কোনো সমস্যা থাকলে তা দলীয় ফোরামে আলোচনা করে সমাধানের অনুরোধ জানিয়েছি।’ পাঁচজন গ্রেপ্তার: মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় ওই রাতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন—উপজেলার সোনাব এলাকার নজরুল ইসলাম (৩০), মাছিমপুর এলাকার বকুল মিয়া (২৯) ও মাসুম (২৩), রূপশী এলাকার হাছিবুর রহমান (২৫) ও অনিক মিয়া (২১)। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান জানান, আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের অফিস সহকারী আবু হানিফ মোস্তফা বাদী হয়ে অজ্ঞাত চার-পাঁচ শ জনকে আসামি করে মামলা করেছেন। ওই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।