রূপগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাড়ি থেকে নামানোর সময় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গাড়িচালকসহ পাঁচজন গুরুতর আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার কাঞ্চন দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঞ্চন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সেলিম রেজা বলেন, গতকাল সকালে জেলার বন্দর থানাধীন লক্ষণখোলা এলাকার ইউনিয়ন অক্সিজেন কোম্পানি থেকে ডিলার শহিদুল ইসলাম ওয়েল্ডিংয়ের কাজে ব্যবহারের জন্য পিকআপে সিলিন্ডার তুলে কাঞ্চন দক্ষিণ বাজারের একটি দোকানে পাঠান। পিকআপ থেকে নামানোর সময় একটি সিলিন্ডার চালকের সহকারীর হাত ফসকে নিচে পড়ে যায়। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণে পিকআপের চালক সাদ্দাম হোসেন (৩৫) ও তাঁর সহকারী মতিন মিয়া (৩০), অটোরিকশাচালক রমজান মিয়া, ব্যবসায়ী মো. শাহীন, দর্পণ খন্দকার গুরুতর আহত হন। তাঁদের প্রথমে স্থানীয় শাহ সুফি দায়েমউদ্দিন হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
কাঞ্চন পুলিশ ফাঁড়ির এসআই সেলিম রেজা বলেন, যদি গাড়িচালকের কোনো গাফিলতি বা সিলিন্ডার মেয়াদোত্তীর্ণ হয়ে থাকে তাহলে দোকানদার ও ডিলারের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।