রূপগঞ্জে স্টিল মিলকে ১৫ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কালো ধোঁয়া নির্গমন করে বায়ুদূষণের অভিযোগে একটি স্টিল মিলকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কারখানাটি বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল বৃহস্পতিবার এ নির্দেশ দেন। পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রূপগঞ্জে অবস্থিত এ কে মজুমদার স্টিল মিলস লিমিটেডের কারখানায় প্রতিদিন ১০ মেট্রিক টন এম এস রড, অ্যাংগেল ও ফ্লাটবার উৎপাদিত হয়। অনুসন্ধানে দেখা গেছে, এই কারখানা থেকে গত এক বছরে ৮৪ হাজার ২৪০ ঘনমিটার সিসা, সালফার ডাই-অক্সাইড, কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনোক্সাইডযুক্ত ধাতব উপাদানযুক্ত দূষিত বায়ু নির্গত হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তা ছাড়া কারখানার পরিবেশগত ব্যবস্থাপনা বলতে কিছুই কার্যকর পাওয়া যায়নি। দেড় বছর ধরে কারখানার পরিবেশ ছাড়পত্র নেই। বরং কারখানার মালিক বেআইনিভাবে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই স্টিল মিলের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারখানাটিতে ধোঁয়া নির্গমনের জন্য ফিউম এক্সট্রাকশন সিস্টেম (ধোঁয়া নিষ্কাশন পদ্ধতি) স্থাপন করা হয়নি। ফলে কারখানা থেকে সৃষ্ট কালো ধোঁয়ার সরাসরি শিকার হচ্ছে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রী ও আশপাশের লোকজন।