রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ সখিনা খাতুনকে পিটিয়ে হত্যার দায়ে তাঁর স্বামী বাবুল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন, বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা এ দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া (৩৫) আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি ফরিদপুর জেলার মধুখালী গ্রামের গুন্দারদিয়া গ্রামের বাতেন মিয়ার ছেলে।
মামলা ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের দুই বছর আগে রূপগঞ্জের নয়াপাড়া গ্রামের তমিজ উদ্দিনের মেয়ে সখিনা খাতুনকে (২৫) বিয়ে করেন ফরিদপুরের মধুখালী গ্রামের গুন্দারদিয়া গ্রামের বাতেন মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫)। বিয়ের পর থেকে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে প্রায়ই স্ত্রী সখিনাকে মারধর করেন বাবুল। ২০০৪ সালের ১৫ মে রূপগঞ্জের নয়াপাড়া এলাকায় ভাড়া বাড়িতে যৌতুকের জন্য স্ত্রীকে ব্যাপক মারধর করেন তিনি। এ সময় আশপাশের লোকজন এসে সখিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর সখিনা মারা যান।
নারী ও শিশু নির্যাতন আদালতের (বিশেষ) সরকারি কৌঁসুলি রকিব উদ্দিন বলেন, এ ঘটনায় সখিনার বাবার দায়ের করা মামলায় আদালত ১৪ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।