রূপগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গৃহবধূ সাফিয়া বেগমকে (৪০) তাঁর স্বামী পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার ভোরে উপজেলার তারাব দক্ষিণপাড়ার ভাড়া বাসা থেকে পুলিশ সাফিয়ার লাশ উদ্ধার করেছে। স্বামী মুসা মিয়া পলাতক। মুসা মিয়ার বাড়িওয়ালা হাসেম মিয়া জানান, এক মাস আগে মুসা তাঁর স্ত্রী সাফিয়াকে নিয়ে তাঁর বাড়িতে আসেন। গত রোববার রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। ওই রাতে মুসা মিয়া সাফিয়াকে মারধর করেন। হাসেম মিয়া বলেন, ঘরের মধ্যে চি ৎকার-চেঁচামেচির শব্দ এলেও বিষয়টি স্বামী-স্ত্রীর একান্ত ব্যাপার মনে করে তাঁরা এগিয়ে যাননি। তবে ভোরে ঘরে সাফিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। হাসেম মিয়া বলেন, তাঁরা মনে করছেন, মুসা সাফিয়াকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছেন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাফিয়ার ভাতিজা আরমান বাদী হয়ে মুসা মিয়াকে আসামি করে হত্যা মামলা করেছেন। মুসাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।