রূপগঞ্জে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে আবুল হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।আবুল হোসেনের বাড়ি উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকায়। আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, তাঁর স্ত্রী নিজেই শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পুলিশ জানায়, অগ্নিদগ্ধ গৃহবধূ রুমার অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান বলেন, গত বৃহস্পতিবার রাতে এক লাখ টাকা যৌতুকের দাবিতে আবুল হোসেন স্ত্রী রুমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে রুমার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। আশপাশের লোকজন তাঁর চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভান। পরে রুমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। এ সময় আবুল হোসেন তাঁর শ্বশুর-শাশুড়িকে মুঠোফোনে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্বামী আবুল হোসেনকে আটক করে।