রূপগঞ্জে সড়ক আটকে গণডাকাতি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে বিভিন্ন যানবাহনের যাত্রীদের টাকা ও মুঠোফোন লুট করেছে ডাকাতেরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গোলাকান্দাইল-বালিয়পাড়া আঞ্চলিক সড়কে এই ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতির শিকার মাসুদ মিয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে তিনি মোটরসাইকেলে করে ভুলতা ফিরছিলেন। পথে গোলাকান্দাইল-বালিয়াপাড়া সড়কে আট-দশজন ডাকাত ব্যারিকেড দিয়ে তাঁর পথ আটকায়। অস্ত্র দেখিয়ে ১৬ হাজার টাকা ও একটি মুঠোফোন লুটে নেয়।
একই সময় ডাকাতেরা সাদ্দাম মিয়া নামের অপর মোটরসাইকেল আরোহীর কাছ থেকে আট হাজার টাকা, দুটি মুঠোফোন, সোলায়মান হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে ৩৫ হাজার টাকা, দুটি মুঠোফোন, দেলোয়ার মিয়ার কাছ থেকে ৪০ হাজার টাকা ও একটি মুঠোফোন লুট করে। ডাকাতেরা তাঁদের সবার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে রেখে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করেন।