রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত আহত ৩০
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান বলেন, গতকাল ভোরে উপজেলার তারাবো খাদুন এলাকায় ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরেকটি বাস এসে পেছন থেকে মামুন পরিবহনের বাসটিকে ধাক্কা দিলে সেটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শান্তি রানী দাস (৪০) নামের এক নারী নিহত হন। আহত হয় বাসের কমপক্ষে ৩০ যাত্রী। হতাহত ব্যক্তিদের সবাই মামুন পরিবহনের বাসের যাত্রী। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের দুমড়েমুচড়ে যাওয়া লোহার প্লেট কেটে ট্রাকচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান।অন্যদিকে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ সোহেল জানান, গতকাল সকালে মদনপুর-জয়দেবপুর সড়কের রূপগঞ্জের আন্দিরপাড় এলাকায় একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লেগুনার দুই যাত্রী নিহত হন। তাঁদের পরিচয় জানা যায়নি।