রূপগঞ্জে ১৪৪ ধারা জারির প্রতিবাদে যুবদলের সভা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে ১৪৪ ধারা জারির প্রতিবাদে সভা ও মানববন্ধন করেছে উপজেলা যুবদল। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রূপসী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।উপজেলা ছাত্রলীগের সভাপতি তাবিবুর কাদির মুঠোফোনে প্রথম আলোকে বলেছেন, ছাত্রলীগের পক্ষ থেকে কোনো ইফতার পার্টি ডাকা হয়নি। ছাত্রলীগের কেউ সেখানে কোনো সভা ডাকেনি।জেলা যুবদলের সভাপতি মামুন মাহমুদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান বলেন, ‘মুড়াপাড়া ৯ নম্বর ওয়ার্ড যুবদল নেতা নজরুল ইসলাম হত্যার প্রতিবাদ সভা ও গত বুধবার উপজেলার মুড়াপাড়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ইফতার মাহফিল করার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তর থেকে তিন দিন আগে অনুমতি নেওয়া হয়। কিন্তু আগের দিন রাতে আমাদের জানানো হয়, সেখানে বুধবার সকাল আটটা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুল হকসহ অনেকে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, স্থানীয় যুবদল ও ছাত্রলীগ একই দিনে একই স্থানে ইফতার মাহফিল, সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়।