রূপগঞ্জে 'বিদ্রোহী' প্রার্থী হওয়ায় যুবদল নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি থেকে সমর্থন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় রূপগঞ্জ থানা যুবদলের সভাপতি গোলাম মো. ফারুককে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ফারুককে বহিষ্কার করে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কাজী রফিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়ে প্রার্থীরা তাঁদের কর্মী-সমর্থকদের নিয়ে আনন্দ করতে করতে এলাকায় ফিরে যান। এই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. শাহজাহান ভূঁইয়া।