নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন গ্রাম চারিতালুক, আতলাপুর ও টাওরায় গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করছে।
গত শনিবার তৃতীয় ধাপের ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়েরের পর থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নির্বাচনের দিন সংঘর্ষের ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা মুড়াপাড়া কলেজের শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বাদী হয়ে রূপগঞ্জ থানায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে মামলা করেন।
গতকাল বুধবার সকাল ১০টায় চারিতালুক গ্রামের তারাজউদ্দিন মার্কেট মোড়ে গিয়ে দেখা যায়, ছয়টি মার্কেটের প্রায় ৪০টি আধা পাকা দোকান বন্ধ। রাস্তায়ও কোনো লোকজন নেই। কিছু দূর যাওয়ার পর দেখা মেলে কয়েজন বৃদ্ধ নারী ও শিশুর। এরপর মুদি দোকানের মালিক আবু বকর সিদ্দিক ভূঁইয়াকে দোকান খুলে কিছু পণ্যসামগ্রী নিয়ে যেতে দেখা যায়। তিনি বলেন, প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব দোকান খোলা থাকত। এগুলো মূলত মুদি, কাপড় ও খাবারের দোকান। কিন্তু নির্বাচনের দিনের সহিংস ঘটনার পর থেকে ভয়ে কেউ দোকান খুলছেন না।
ইউনিয়নের বাসিন্দা আবু সিদ্দিক (৮২) বলেন, শনিবার সারা দিন শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। সন্ধ্যায় চারিতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথমে ঘোষণা দেওয়া হয়, সদস্য পদে হযরত আলী সুলতান (মোরগ) জিতেছেন। কিছুক্ষণ পর আবার ঘোষণা দেওয়া হয়, মো. ফারুক (টিউবওয়েল) জিতেছেন। এটা নিয়ে দুই প্রার্থীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ, র্যা ব, বিজিবি এসে ব্যাপক গোলাগুলি করে। পরদিন থেকে পুলিশের ভয়ে গ্রামের কোনো ছেলে ঘরে থাকতে পারে না। মামলার আসামি ধরার নামে পুলিশ যখন-তখন বিভিন্ন বাড়িঘরে অভিযান চালাচ্ছে। বাজারের দোকান সব বন্ধ। মাছ-তরকারি পর্যন্ত কেনা যায় না।
ঘটনাস্থল চারিতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্কুলের আঙিনায় ইট-পাটকেল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পুলিশের রিকুইজিশন করা মাইক্রোবাসটি পোড়া অবস্থায় পড়ে আছে। স্কুলের পাশেই ঈদগাহ মাঠে পড়ে আছে পুড়ে যাওয়া আরও দুটি লেগুনা। লেগুনা দুটিও রিকুইিজশন করা হয়েছিল। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানসুরা আক্তার বলেন, শনিবারের ভোটের পর থেকে স্কুলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন। শিক্ষার্থীরা স্কুলে আসছে না। গতকাল সকালে প্রথম শ্রেণির গণিত পরীক্ষায় ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন অংশ নেয়।
স্কুলের পাশের বাড়ির এক গৃহবধূ বলেন, তাঁর তিন বিঘা জমির বোরো ধান পেকেছে। কিন্তু ধান কাটার শ্রমিক খুঁজে পাচ্ছেন না। সাধারণত জামালপুর, ময়মনসিংহ, গফরগাঁও থেকে ধান কাটার মৌসুমে শ্রমিকেরা এখানে আসেন। শনিবারের ঘটনার পর থেকে পুলিশের ভয়ে সব শ্রমিক পালিয়ে গেছেন।
ভোলাব ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপির নেতা আলমগীর হোসেন বলেন, ‘৫ নম্বর ওয়ার্ডে দুই সদস্য পদপ্রার্থীর মধ্যকার ঘটনাকে কেন্দ্র করে সেদিন রাতে সংঘর্ষ হয়। ওই ঘটনায় আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। এজাহারেও সেভাবে বলা আছে। তারপরও আমাকে মামলার প্রধান আসামি করা হয়েছে। অন্য যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা আমার কর্মী-সমর্থক। মামলার কারণে চারিতালুকসহ তিনটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। অথচ এখন ধান কাটার ভরা মৌসুম। কৃষকের ধান জমিতে রোদে পুড়ে নষ্ট হচ্ছে।’
মামলার তদন্ত কর্মকর্তা রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম মেহেদী মাসুদ বলেন, এজাহারভুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশতিয়াক আহম্মেদ তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি বলেন, গ্রামবাসীর ভয় দূর করতে গ্রামে বিজিবি ও র্যা বের টহল বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় নিরীহ কাউকে হয়রানি করা হবে না।