রূপনগর খাল হয়ে গেল মাঠ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরের কালশীর রূপনগর খালের এ অংশ ভরে আছে শক্ত আবর্জনায়। খালের ওপর দিয়ে অবলীলায় হাঁটাচলা করা যায়। ছবিটি মঙ্গলবার তোলা l প্রথম আলো
মিরপুরের কালশীর রূপনগর খালের এ অংশ ভরে আছে শক্ত আবর্জনায়। খালের ওপর দিয়ে অবলীলায় হাঁটাচলা করা যায়। ছবিটি মঙ্গলবার তোলা l প্রথম আলো

ছবিটি রূপনগর খালের একাংশের। দেখে বোঝা যায় না, এটা খাল না মাঠ। ছোট বাচ্চারা খালের ওপর ব্যাডমিন্টন, ক্রিকেট খেলে। দৌড়ায়, লাফালাফি করে। কোথাও বুনো সবজি জন্মে। স্থায়ী বাসিন্দারা সেসব সবজি সানন্দে তুলে নিয়ে যান। আর বৃষ্টি হলেই খালের দুই পাড় প্লাবিত হয়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এটা মিরপুর ১১ নম্বর ই ব্লকের কালশী এলাকার পরিচিত দৃশ্য।
মিরপুর কালশী সড়কের দ্য ইঞ্জিনিয়ার্স সিভিল টাওয়ারের পশ্চিম পাশের কালভার্ট থেকে শুরু করে মিরপুর ১১ নম্বরের ৪ নম্বর অ্যাভিনিউয়ের শেখ কামাল উচ্চবিদ্যালয়ের উত্তর পাশের কালভার্ট পর্যন্ত রূপনগর খালের এ অংশ ভরে আছে শক্ত আবর্জনায়। খালের ওপর দিয়ে অবলীলায় হাঁটাচলা করা যায়। খালের পশ্চিম পাশে আছে সাংবাদিক কলোনি আর পূর্ব পাশে আদর্শ নগর। গোটা এলাকার বাতাসেই মিশে আছে উৎকট গন্ধ।
আদর্শ নগরের স্থানীয় বাসিন্দা পান্না মিয়া বলেন, ‘ঢাকা না, মনে হয় জঙ্গলে বাস করি। আমাদের কোনো জনপ্রতিনিধি নাই! যিনি আছেন তিনি কোনো দেখভাল করেন না। আমাদের কোনো অভিভাবক নাই, দেখারও কেউ নাই। দুর্গন্ধ আর জঙ্গলে বসবাস করা যায়?’
সরেজমিনে দেখা যায়, খালের এ অংশটি প্লাস্টিক, পলিথিন, কাপড়, সেলুনের ময়লা, বোতল, আবর্জনা, বস্তা, কাগজসহ নানা রকম বর্জ্যে ভরে আছে। খাল দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না। খালে বুনো সবজির চাষ হয়। বাচ্চারা খেলাধুলা করে। এলাকাবাসী জানান, বালুর মাঠ, কালশী বাজার, ১২ নম্বর ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের আবর্জনা কালভার্ট পার হয়ে খালে এসে আটকে যায়। খালটি এখন আবর্জনার স্তূপ। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে জানা যায়, দুই বছর আগে একবার খাল পরিষ্কার করা হয়।
স্থানীয় চায়ের দোকানি পিয়ারা বেগম বলেন, ‘দুর্গন্ধ, আবর্জনা। খালের ময়লা মাইখা পেলামাইয়ার শরীরে ঘা-পাঁচড়া ওঠে। ঘরের ভেতর থেইকাও বাইরের দুর্গন্ধ পাওয়া যায়। মশা-মাছির জ্বালা তো আছেই।’
খালপাড় ঘুরলে আরও চোখে পড়ে স্থায়ী বাসিন্দাদের আবর্জনা ফেলার দৃশ্য। খালে গৃহস্থালি বর্জ্যও দেখা যায়। স্থানীয় কয়েকজন জানান, স্থানীয় ওয়ার্ড কমিশনার বিষয়টি জানেন। তাঁকে কয়েকবার বলা হলেও কাজ হয়নি। জানা যায়, বৃষ্টির দিনে খালপাড়ের বাসিন্দাদের ভোগান্তি চরমে ওঠে। দুই পাড় ছাপিয়ে পানিতে ভেসে যায় পার্শ্ববর্তী আদর্শ নগর ও সাংবাদিক কলোনি এলাকা। নষ্ট হয় ঘরের আসবাব, বিছানাপত্র। রোগাক্রান্ত হয়ে পড়ে ছোট বাচ্চারা।
খালটির দায়িত্ব ঢাকা ওয়াসার। আর এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২ নম্বর অঞ্চলের মধ্যে। বিষয়টি জানতে আঞ্চলিক কার্যালয়ে গেলে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, নাগরিক সমস্যা সমাধানের দায়িত্ব প্রধানত সিটি করপোরেশনের। মেয়র সাহেব নিজে ওয়াসার লোকজন নিয়ে খালটি পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে ডিএনসিসি কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে। ওয়াসা খুব দ্রুতই টেন্ডারের মাধ্যমে খাল পরিষ্কারের কাজটি করবে।
ওয়াসার ড্রেনেজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে এস চিং প্রথম আলোকে বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঁচটি খালের অধিগ্রহণ ও খনন বিষয়ে একটি প্রকল্প জমা দেওয়া আছে। প্রকল্পে অন্তর্ভুক্ত খালের মধ্যে রূপনগর খালের উল্লিখিত অংশটি আছে। প্রকল্প অনুমোদিত হলে কাজ শুরু হবে। তবে সময় লাগবে।