রূপনগর খালের ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ওয়াসা
রাজধানীর পল্লবী এলাকার রূপনগর খালে অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা ওয়াসা। গতকাল শনিবার সকাল ১০টার দিকে শুরু করা অভিযান চলে বিকেল প্রায় চারটা পর্যন্ত। ইস্টার্ন হাউজিং ফটক থেকে দক্ষিণ দিকের খালে এই অভিযান চলে। অবৈধ স্থাপনাগুলোর মধ্যে বেশির ভাগই ছিল বস্তিঘর। এ ছাড়া ছিল কিছু আধাপাকা ও টিনের ছাউনির স্থাপনা। উচ্ছেদ শুরুর পর বস্তিবাসী ছাড়াও শত শত মানুষ সেখানে ভিড় জমায়। অভিযানে ৫০ জন পুলিশ এবং ৮০ জন শ্রমিক অংশ নেয়। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসম এ খান প্রথম আলোকে বলেন, রাজধানীর খাল দখলমুক্ত করার পূর্বপরিকল্পিত কর্মসূচির অংশ হিসেবে রূপনগর খালে অভিযান চালানো হয়। এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে অংশ নেওয়া ওয়াসার নির্বাহী প্রকৌশলী শেখ মো. রুহুল আমিন জানান, প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ রূপনগর খালে প্রায় ৫০০ অবৈধ স্থাপনা রয়েছে। অনেক জায়গায় খাল ভরাট করায় পানিপ্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। ওয়াসার সূত্র জানায়, একটি আবাসন কোম্পানি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মালিকানাধীন নিচু জমি ভরাট করে প্লট বরাদ্দ দিয়েছিল। তার মধ্যে খালেরও অংশ ছিল। পরে আবাসন কোম্পানিটি বরাদ্দকৃত প্লট বাতিল করে দেয়। এ জন্য এখন উচ্ছেদ অভিযান চালাতে সুবিধা হচ্ছে। গতকাল অভিযান শুরু হলে বস্তিবাসী অনেকের মধ্যে আতঙ্ক ও হতাশা লক্ষ করা যায়। একাধিক নারী কান্নায় ভেঙে পড়েন। তাঁরা বলেন, ওই জায়গায় তাঁরা ১৫-২০ বছর ধরে বাস করছেন। কোনো সময় না দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। তবে ওয়াসা কর্মকর্তারা বলেছেন, উচ্ছেদ অভিযান হবে এটা আগেই মাইকিং করে মানুষকে জানানো হয়েছিল। উচ্ছেদের একপর্যায়ে জামাল উদ্দিন বাবুর্চি নামের এক ব্যক্তি এস্কাভেটর থেকে চালককে নামিয়ে দেওয়ার চেষ্টা করলে ওয়াসার কর্মকর্তা তাকে বাধা দেন। পরে তিনি ওই কর্মকর্তার সঙ্গে তর্ক করলে পুলিশ তাঁকে আটক করে। তবে মাফ চেয়ে তিনি কিছুক্ষণের মধ্যে ছাড়া পান। জানা যায়, জামাল উদ্দিন খালের জায়গায় মধ্যে অবৈধ স্থাপনা করে ব্যবসা চালাচ্ছেন।কিছু টিনের ছাউনির ঘরে ভাড়া থাকতেন তৈরি পোশাককর্মীসহ স্বল্প আয়ের মানুষ। তাঁদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়। গতকালের অভিযানে ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ওয়াসিউদ্দিন ও নাসিরউদ্দিন, নির্বাহী প্রকৌশলী শেখ মো. রুহুল আমিন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।