রূপনগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রূপনগরে গতকাল শুক্রবার বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন হলেন আলম খান (৫০) ও তাঁর ভায়রা বাবলু রহমান (৪০)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা দেড়টার দিকে রূপনগরে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধসংলগ্ন সড়কে একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা একটি বাস। এতে মোটরসাইকেলের দুই আরোহী আলম ও বাবলু ছিটকে সড়কে পড়েন। আলম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত বাবলুকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁরা মিরপুরের পাইকপাড়া থেকে সাভারে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন আলম।রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, ঘটনার পরপরই চালক বাস নিয়ে পালিয়ে যায়। বাসটি আলীফ পরিবহনের বলে জানা গেছে। আলম খানের গ্রামের বাড়ি সাতক্ষীরা সদরের রসুলপুরে। বাবলুর গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামে। আলমের চাচাশ্বশুর মিরাজুল ইসলাম বলেন, ‘আলমের শ্যালক আবদুল্লাহর পায়ে সমস্যা। ঢাকায় চিকিৎসা করানোর জন্য স্ত্রী, কন্যা, শ্যালক, ভায়রাসহ আলম সোমবার আমার সাভারের বাসায় উঠেছিল।’এদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আবদুল্লাহ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে যাত্রাবাড়ী থানার শনির আখড়া সেতুসংলগ্ন সড়কে একটি গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা (৩০) এক যুবক মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।