রূপনের বাড়িতে মাতম হত্যাকাণ্ডের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মৌলভীগাঁও গ্রামে রূপন দেবনাথের বাড়িতে মাতম চলছে। দুর্বৃত্তদের হাতে ছেলে নিহত হওয়ায় বিলাপ করছেন মা লক্ষ্মী রানী দেবনাথ। গতকাল বৃহস্পতিবার তাঁদের বাড়িতে গিয়ে এ দৃশ্য দেখা গেছে। পরিবারের দাবি, রূপনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রূপন (২৪) হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর ব্যানারে ব্রাহ্মণবাজারে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করা হয়।
রূপন দেবনাথ সিলেটের এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের (এটিআই) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। সিলেট নগরের বাগবাড়ি এলাকার একটি মেসে থাকতেন তিনি। গত ২৫ আগস্ট সন্ধ্যায় মেস থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। গত মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা পুলিশ তদন্ত কেন্দ্রের পাশের একটি হাওর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ নিয়ে গতকাল প্রথম আলোতে ‘নিখোঁজের পর মিলল লাশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
রূপনের বড় ভাই রাজন দেবনাথ জানান, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে সম্প্রতি এক তরুণীর সঙ্গে রূপনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফেসবুকে তাঁর (রাজন) বন্ধু তালিকায়ও ওই তরুণী আছেন। একপর্যায়ে রাজন ফেসবুকের সূত্র ধরে ওই তরুণীর সঙ্গে আরেকটি ছেলের প্রেমের সম্পর্ক চলছে বলে জানতে পারেন। ওই তরুণী তাঁর কাছে (রাজন) ওই সম্পর্কের সত্যতা স্বীকার করেন। এরপর তিনি (রাজন) বিষয়টি রূপনকে ভালোভাবে বোঝানোর জন্য ফেসবুকে ওই তরুণীকে অনুরোধ করেন। তাঁর ধারণা, এর জের ধরেই রূপনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ইটনার বাদলা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বে থাকা উপপরিদর্শক আবুল হোসেন আকন্দ বলেন, দুর্বৃত্তরা রূপনকে হত্যা করে তাঁর লাশ হাওরে ফেলে রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যা মামলা হবে।