রূপপুর নিয়ে চূড়ান্ত চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন এখন বাস্তবতার পথে। গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ ও রাশিয়ার সংশ্লিষ্ট দুই কোম্পানির মধ্যে এই কেন্দ্র স্থাপনের চুক্তি (জেনারেল কন্ট্রাক্ট) সই হয়েছে। এর মাধ্যমে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রটি স্থাপনের বাস্তব কাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
এই কেন্দ্রটি বিনিয়োগের দিক থেকে যেমন দেশের এক নম্বর প্রকল্প, তেমনি উচ্চতর বৈজ্ঞানিক প্রযুক্তিসম্পন্ন একমাত্র প্রকল্প। গত শুক্রবার সই করা চুক্তির আওতায় কেন্দ্রটির যেসব কাজ সম্পন্ন করা হবে, তার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় এক লাখ কোটি টাকা (১ হাজার ২৬৫ কোটি মার্কিন ডলার)। এর মধ্যে প্রকল্পের সমীক্ষার জন্য ব্যয়িত ৫৫ কোটি ডলার ধরা হয়নি। তাতে এই কেন্দ্রে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম হিসাব করা হয়েছে তিন টাকা। কেন্দ্রটির আয়ুষ্কাল ধরা হয়েছে ৫০ বছর।
গত শুক্রবার সই হওয়া চুক্তির আওতায়—প্রকল্পের বিস্তারিত নকশা প্রণয়ন, যন্ত্রপাতি সরবরাহ ও তা প্রকল্প এলাকায় পৌঁছানো, পুরকৌশলগত নির্মাণ, যন্ত্রপাতি স্থাপন, কেন্দ্রটি চালু করা ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা, পারমাণবিক জ্বালানি সরবরাহ, ওয়ারেন্টি সময়কালে মেরামত-সংরক্ষণ প্রভৃতি কাজ সম্পন্ন করা হবে।
বিনিয়োগের ১ হাজার ২৬৫ কোটি ডলারের মধ্যে রাশিয়া ঋণ হিসেবে দেবে ১১৩৮ দশমিক ৫ কোটি ডলার। এই ঋণের সুদ ধার্য করা হয়েছে লন্ডন আন্তব্যাংক সুদের হারের ওপর (লাইবর প্লাস) ১ দশমিক ৭৫ শতাংশ। আগামী মার্চ মাসে ঋণ চুক্তিটি সই হতে পারে। তখন থেকে ১০ বছর কোনো অর্থ পরিশোধ করতে হবে না। তার পরবর্তী ১৮ বছরে সুদাসলে সম্পূর্ণ অর্থ পরিশোধের বাধ্যবাধকতা থাকবে।
কয়েকজন পরমাণুবিজ্ঞানী ও বিশেষজ্ঞ শুরু থেকেই রূপপুর কেন্দ্রটি বাস্তবায়নে তাড়াহুড়া করা হচ্ছে বলে অভিমত ব্যক্ত করে এসেছেন। গত শুক্রবার চুক্তি সইয়ের ক্ষেত্রেও তাঁরা একই অভিযোগ করেছেন। এঁদের মধ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান প্রকৌশলী ও বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ড. রশীদ অধ্যাপক আবদুল মতিন প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গাইডলাইন অনুযায়ী একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্প প্রস্তাব যাচাই-বাছাই এবং চুক্তির শর্তাবলি সম্পর্কে মতবিনিময় (নেগোসিয়েশন) করে চুক্তিটি চূড়ান্ত করতে কমপক্ষে এক বছর সময় লাগে। রাশিয়ার কর্তৃপক্ষ রূপপুর কেন্দ্রের সেই প্রকল্প প্রস্তাবই বা কবে দিল, বাংলাদেশ কর্তৃপক্ষই বা কবে তা যাচাই-বাছাই করল, তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
আবদুল মতিন বলেন, এভাবে তাড়াহুড়া করে কোনো রকম মূল্যায়ন ছাড়াই সই করা চুক্তিতে ভুলভ্রান্তি থাকা স্বাভাবিক। সেসব ভুল পরে সংশোধন করতে হলে তার জন্য অনেক মাশুল গুনতে হয়। তা ছাড়া, এর ফলে প্রকল্পের ব্যয় বাড়ে। বিদ্যুৎকেন্দ্রের নির্ভরযোগ্যতা কমে এবং নিরাপত্তা ঝুঁকি বাড়ে। কোনো অবস্থায়ই একটি পরমাণু শক্তি প্রকল্প বাস্তবায়নে তাড়াহুড়া করা যুক্তিসংগত নয় বলে তিনি মন্তব্য করেন।
১৫ ডিসেম্বর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাতোমের প্রধান নির্বাহী কর্মকর্তা সের্গেই কিরিয়েঙ্কো ঢাকায় চুক্তিটি অনুস্বাক্ষর করেন। ২৩ ডিসেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা প্রকল্প ব্যয় অনুমোদন করে। এরপর ছুটির দিনে (গত শুক্রবার) চুক্তিটি সই হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে পরমাণু শক্তি কমিশন এবং এর নবগঠিত সহযোগী সংস্থা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কয়েকজন কর্মকর্তা বলেন, ডিসেম্বরের মধ্যে চুক্তিটি সই করার ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে তাড়া ছিল। তাঁদের দীর্ঘ ছুটি এবং জানুয়ারি থেকে তাঁদের নতুন বছরের বাজেট শুরু হওয়া এই তাড়ার কারণ বলে ওই কর্মকর্তারা বলেন।
কেন্দ্রটি স্থাপনের জন্য রোসাতোমের সহযোগী প্রতিষ্ঠান এটমস্ট্রয়েক্সপোর্টের সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চুক্তি সই হয়েছে। পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মনিরুল ইসলাম ও এটমস্ট্রয়েক্সপোর্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাভুসকিন নিজ নিজ সরকারের পক্ষে ওই চুক্তিতে সই করেন।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ এবং দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চুক্তি অনুযায়ী, রূপপুর কেন্দ্রে ব্যবহৃত হবে রাশিয়ার উদ্ভাবিত ‘ভিভিইআর ১২০০’ প্রযুক্তির রি-অ্যাক্টর। কেন্দ্রটির দুটি ইউনিটের মধ্যে প্রথমটি ২০২৩ সালের অক্টোবর মাসে এবং দ্বিতীয় ইউনিটটি ২০২৪ সালের অক্টোবর মাসে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।