রূপপুর পারমাণবিক প্রকল্প পরিদর্শন করল রাশিয়ার প্রতিনিধিদল
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা এনআইএইপির প্রেসিডেন্ট ভ্যালোরি নিমারেনকা। গত রোববার পরিদর্শন শেষে তিনি প্রকল্পে কর্মরত রাশিয়া ও বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিনিধিদলটি রোববার সকালে ঈশ্বরদীর পাকশীতে আসে। এরপর রূপপুর প্রকল্পের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি এর অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ভ্যালোরি বলেন, পরমাণু তেজস্ক্রিয়তা যাতে বাইরে না আসে, সে জন্য দুটি স্তর তৈরি করা হবে। রূপপুর প্রকল্প সর্বোচ্চ নয় মাত্রার ভূমিকম্প-সহনশীল। এটি সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন প্রকল্প।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক শওকত আকবর বলেন, প্রকল্পের প্রাথমিক কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কোনো কোনো ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হচ্ছে। এভাবে কাজ চললে ২০২১ সালের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলাভ, বিশেষজ্ঞ লয়েল ম্যাক্সিম ও রাশিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীরা। বাংলাদেশের পক্ষে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রনাথ সরকার, আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান মনিরুল ইসলাম, কমিশনের সদস্য (পরিকল্পনা) আলী জুলকার নাইন প্রমুখ।