রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চুক্তি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় জ্বালানি বর্জ্য রাশিয়া ফেরত নেবে না—এমন সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। একই সঙ্গে তাঁরা বিদ্যুৎকেন্দ্র-সংক্রান্ত চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা এ দাবি জানান। তাঁরা বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ ও নিরাপত্তাজনিত ঝুঁকির নিরসনমূলক ব্যবস্থা নিশ্চিত না করে প্রকল্প নিয়ে অগ্রসর হতে বারণ করেছেন। তাঁরা বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে টেকসই জ্বালানি বিষয়ে কর্মপরিকল্পনার দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন—খুশী কবির (সমন্বয়ক, নিজেরা করি), সুলতানা কামাল (মানবাধিকার কর্মী), রাশেদা কে চৌধূরী (নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান), হামিদা হোসেন (মানবাধিকার কর্মী), অধ্যাপক আনু মুহাম্মদ (সদস্যসচিব, তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি), সৈয়দ মনজুরুল ইসলাম (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়), সৈয়দা রিজওয়ানা হাসান (প্রধান নির্বাহী, বেলা), এম হাফিজউদ্দিন খান (সভাপতি, সুজন), সৈয়দ আবুল মকসুদ (সাংবাদিক) এবং ইফতেখারুজ্জামান (নির্বাহী পরিচালক, টিআইবি)।
বিবৃতিতে তাঁরা বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আইন ২০১৫—এর ৭ (৪) ধারা অনুযায়ী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার ক্ষেত্রে পারমাণবিক নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক অগ্রাধিকার দিতে হবে। আইনের ৭ (৫) ও (৬) ধারা অনুযায়ী, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উদ্ভূত সব তেজস্ক্রিয় বর্জ্যের হ্যান্ডেলিং, ট্রিটমেন্ট, কন্ডিশনিং এবং ডিসপোজাল নিশ্চিত করে তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে হবে। বিভিন্ন সময়ে প্রদত্ত সরকারি ভাষ্য অনুযায়ী এ বর্জ্যের সম্পূর্ণ ব্যবস্থাপনার দায়ভার গ্রহণ করবে চুক্তিভুক্ত রাশিয়ার কোম্পানি। বাস্তবে রূপপুর প্রকল্পের তেজস্ক্রিয় বর্জ্য সংরক্ষণের দায়িত্ব বাংলাদেশের ওপর চাপিয়ে দিতে চাইছে রাশিয়া, যা বাংলাদেশের পক্ষে কোনো অবস্থায়ই গ্রহণযোগ্য হতে পারে না, সম্ভবও নয়।’