রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে রাশিয়ার বিশেষজ্ঞরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে রাশিয়ার একটি বিশেষজ্ঞ দল গতকাল বুধবার প্রকল্প এলাকা পরিদর্শন ও বাংলাদেশি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছে। পরিদর্শন শেষে রাশিয়ার বিশেষজ্ঞ দল প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সন্তোষ প্রকাশ করে।পরিদর্শন ও মতবিনিময় শেষে বাংলাদেশ বিশেষজ্ঞ দলের প্রধান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েরে অতিরিক্ত সচিব দিলীপ কুমার বসাক জানান, প্রকল্প এলাকা পরিদর্শন ও প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য রাশিয়া অ্যাটোমিক এনার্জি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট জি ও কুমানি এবং আই এ আর্সেন্টিয়েডের নেতৃত্বে ১৩ সদস্যের একটি বিশেষজ্ঞ দল গত মঙ্গলবার দুপুরে রূপপুর আসে। দুই দিনের পরিদর্শনে বিশেষজ্ঞ দল প্রকল্প এলাকা, পারমাণবিক চুল্লি স্থাপন এলাকা, পদ্মা নদীর গতি, পানির অবস্থা, শীতলীকরণ ব্যবস্থা, পরিবেশগত দিক, ভৌত অবস্থা ও আবহাওয়াসহ প্রয়োজনীয় সব বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। প্রকল্প বাস্তবায়নের জন্য সব দিক অনুকূলে রয়েছে বলেও বিশেষজ্ঞ দলটি মতামত দিয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ও পরমাণু বিশেষজ্ঞ আফতাব আলম খান জানান, পারমাণবিক চুল্লি স্থাপনের জন্য নির্ধারিত এলাকার ভূমির অবস্থা খুবই অনুকূলে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (কারিগরি) মোহাম্মাদ হাসান খান জানান, বুধবার সকালে বিশেষজ্ঞ দলটি ঈশ্বরদী বিমানবন্দর এলাকায় স্থাপিত আবহাওয়া অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে।রূপপুর পারমাণবিক প্রকল্পের পরিচালক শওকত আকবর জানান, বিশেষজ্ঞ দলটি অতি গুরুত্বের সঙ্গে ও পুঙ্খানুপুঙ্খভাবে প্রকল্প এলাকা পর্যবেক্ষণ করে আশানুরূপ মতামত প্রকাশ করেছে। এখন শীর্ষ পর্যায়ে আলোচনার মধ্য দিয়ে অন্য বিষয়গুলো ঠিক হবে।