প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের সময় চুক্তি সই হবে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে নতুন সংস্থা হচ্ছে
নতুন একটি সংস্থা গঠনের মধ্য দিয়ে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। প্রতিষ্ঠানটিতে প্রায় দেড় হাজার লোক কাজ করবে। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদনের বিষয়টির অনুমোদন দিতে একটি নিয়ন্ত্রণকারী সংস্থাও গঠন করা হবে। প্রকল্পের অগ্রগতির বিষয়ে আলোচনার জন্য রাশিয়ার একটি কারিগরি প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছে। তারা রূপপুর সফর করে অবকাঠামোর নকশাসহ প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মস্কো সফরের সময় দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি সই হবে। ওই চুক্তিতে প্রকল্পের প্রযুক্তি, অর্থায়ন ও ব্যবস্থাপনার সব বিষয়ের উল্লেখ থাকবে। আগামী বছরের শুরুতে শেখ হাসিনার রাশিয়া সফরের কথা রয়েছে। সম্প্রতি রাশিয়ার পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক সংস্থা রোসাটমের চেয়ারম্যান ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রীর কাছে মস্কো সফরের আনুষ্ঠানিক চিঠি তুলে দেন। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান প্রথম আলোকে বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য একটি আলাদা সংস্থা গড়ে তোলার প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের বিধান অনুযায়ী পরমাণু শক্তিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের জন্য নিয়ন্ত্রণকারী সংস্থা গড়ে তোলার কাজও শুরু হয়েছে। ইতিমধ্যে রাশিয়াকে এ বিষয়গুলো আমরা জানিয়েছি।’ইয়াফেস ওসমান বলেন, প্রস্তাবিত ওই সংস্থায় প্রকৌশলী ও কারিগরি জ্ঞানসম্পন্ন শ্রমিক মিলিয়ে প্রায় এক হাজার লোকের প্রয়োজন হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের অন্যান্য কাজে লাগবে আরও কয়েক শ লোক। সব মিলিয়ে এ সংখ্যা দেড় হাজার হবে। জানা গেছে, ওই প্রতিষ্ঠানের প্রকৌশলীদের রাশিয়া থেকে বিশেষভাবে প্রশিক্ষিত করা হবে। প্রশিক্ষণ শেষে প্রকৌশলীরা সেখানকার পারমাণবিক সংস্থায় কিছুদিন কাজ করবেন। এরপর তাঁরা দেশে ফিরে রূপপুরের প্রকল্পে যোগ দেবেন। এ ব্যাপারে ইতিমধ্যেই দুই পক্ষ রাজি হয়েছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক শওকত আকবর বলেন, ২০০০ সালে অনুমোদিত পারমাণবিক শক্তি কর্মপরিকল্পনা অনুসারে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে প্রধান করে পারমাণবিক শক্তি কাউন্সিল গঠন করা হয়েছে। ওই কাউন্সিলের অধীনে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কর্তৃপক্ষ। এই সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হবেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। সংস্থাটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে। অন্যদিকে পুরো কাজের আইনগত অনুমোদন দিতে একটি নিয়ন্ত্রণকারী সংস্থা গড়ে তোলা হবে। এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে কিছুটা সময় লাগবে। সে ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সময়ে প্রকল্প বাস্তবায়নের কাজ করবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। প্রকল্পের বিনিয়োগ: রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য রাশিয়া রোসাটম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সঙ্গে যৌথ অংশীদারির প্রস্তাব দেয়। কিন্তু বাংলাদেশ তহবিল সংকটের বিষয়টি উল্লেখ করে প্রস্তাবে সাড়া দেয়নি। জানা গেছে, বাংলাদেশ প্রথমবারের মতো এ ধরনের প্রকল্প হাতে নিতে যাচ্ছে বলে রাশিয়ার সঙ্গে যৌথ অংশীদারির প্রক্রিয়ায় যুক্ত হতে মত দেয়নি। জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা শুরু থেকেই বলেছি, আমাদের পক্ষে বিনিয়োগ করা সম্ভব নয়। তাই রাশিয়া যাতে পুরো কাজটি করে দেয়। তারা আমাদের অনুরোধে সায় দিয়েছে।’কারিগরি দলের সর্বশেষ সফর: গত মাসের শেষ সপ্তাহে রাশিয়ার আট সদস্যের একটি কারিগরি দল বাংলাদেশ সফর করে। দলটি ঢাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পাশাপাশি রূপপুর ঘুরে দেখে। গত ৩০ জুন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আলোচনার সময় রুশ প্রতিনিধিদল প্রকল্পের আশপাশের লোকজনকে সচেতন করে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেয়। ভারতসহ বিশ্বের ১৪টি দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে রাশিয়া। আর এ ধরনের বিদ্যুৎ প্রকল্পের মূল উপাদান ইউরেনিয়াম। রাশিয়া বিশ্ববাজারে ইউরেনিয়ামের ৪০ শতাংশ সরবরাহ করে থাকে।