রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাবলিক তথ্য অফিস উদ্বোধন

জনসাধারণের মধ্যে তথ্য সরবরাহের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পে পাবলিক তথ্য অফিস উদ্বোধন করা হয়েছে। পাবনার ঈশ্বরদীর চরসাহাপুরে রূপপুর প্রকল্পের সাইট অফিস চত্বরে আজ রোববার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রোসাটমের সহযোগী ও রূপপুর প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্ট বাংলাদেশ শাখার প্রধান প্রকৌশলী ইউরি খুশিলভ।
উদ্বোধনের শুরুতে তথ্য অফিস সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে রোসাটমের দক্ষিণ এশিয়ার প্রেস সেক্রেটারি আলেক্সন্দার এনটিপিন বলেন, পরমাণু শক্তি শিল্প ও বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে জনসাধারণ এখান থেকে বিভিন্ন তথ্য জানতে পারবেন। রাশিয়ার পরে বাংলাদেশে এটি বিশ্বের দ্বিতীয় পাবলিক তথ্য অফিস। এর ফলে রোসাটম, পরমাণু শক্তি কমিশন ও বাংলাদেশের মানুষের সঙ্গে সেতুবন্ধ তৈরি হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপপুর প্রকল্পে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবদুল্লাহ আল-জাহিদ, রোসাটম হেড অব কমিউনিকেশন লিনা ডেমেনসোভা, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ কে বি এম রুহুল কুদ্দুস, রোসাটম বাংলাদেশের পিআর কনসালট্যান্ট ফরহাদ কামাল, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, পাবনা জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি আবদুল মতীন খান প্রমুখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশের গান ও নৃত্য পরিবেশন করেন। এরপর ফিতা কেটে পাবলিক তথ্য অফিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর পাবলিক তথ্য অফিসের জন্য দুটি প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেন ইউরি খুশিলভ ও লে. কর্নেল আবদুল্লাহ আল-জাহিদ।
পাকশী ইউনিয়নে রূপপুরে ২০১৩ সালের ২ অক্টোবর রূপপুর প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইভাবে গত ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর প্রকল্পের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন।