রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ব্যয় বাড়ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং লাখ কোটি টাকার বেশি ব্যয়ের প্রথম প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প অনুমোদনের জন্য আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) উঠছে। একনেকের বিবেচনার জন্য প্রকল্পের যে সারসংক্ষেপ তৈরি করা হয়েছে, তাতে মোট ব্যয় উল্লেখ করা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৯৩ কোটি টাকা। এর আগে প্রকল্পের যে ব্যয় সরকার জানিয়েছিল, এটা তার চেয়ে অনেক বেশি।
তাহলে কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ব্যয় বাড়ছে? জানতে চাইলে সরকারের সংশ্লিষ্ট কোনো পর্যায় (বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরমাণু শক্তি কমিশন, রূপপুর প্রকল্প কর্তৃপক্ষ, পরিকল্পনা কমিশন প্রভৃতি) থেকেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বেসরকারি খাতের কয়েকজন অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করেও এর কোনো কারণ জানা যায়নি।
আগে প্রকাশিত সরকারি তথ্য হচ্ছে, রাশিয়ার সঙ্গে সই হওয়া সাধারণ চুক্তি (জেনারেল কন্ট্রাক্ট) অনুযায়ী রূপপুর প্রকল্পের মোট ব্যয় ১ হাজার ২৬৫ কোটি মার্কিন ডলার। প্রতি ডলার ৮০ টাকা হিসাবে ধরা হলেও এতে টাকার অঙ্ক দাঁড়ায় ১ লাখ ১ হাজার ২০০ কোটি। এর সঙ্গে প্রকল্পের সমীক্ষার জন্য ব্যয় হওয়া ৫৫ কোটি ডলার যোগ করলে মোট ব্যয় দাঁড়ায় ১ হাজার ৩০২ কোটি ডলার, যা টাকার অঙ্কে হয় ১ লাখ ৫ হাজার ৬০০ কোটি।
প্রকল্পের সাধারণ চুক্তিতে যে ব্যয় ধরা হয়েছে (১ হাজার ২৬৫ কোটি ডলার), সরকারের পক্ষ থেকে তাকে বলা হচ্ছে ‘ফার্ম অ্যান্ড ফিক্সড’। প্রকল্প বাস্তবায়নকালে সম্ভাব্য মুদ্রাস্ফীতি, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধিসহ সব ব্যয়ের হিসাবে যুক্ত করা হয়েছে। এই অবস্থায় একনেকে উপস্থাপনের জন্য তৈরি সারসংক্ষেপে ১ লাখ ১৩ হাজার ৯৩ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে।
সারসংক্ষেপে যে ব্যয় দেখানো হয়েছে, তার হিসাবে রূপপুর প্রকল্পটি প্রায় চারটি পদ্মা সেতুর সমান। চলতি অর্থবছরের মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) চেয়েও এই প্রকল্পের ব্যয়ের অঙ্ক বড়। এ বছরের এডিপির আকার ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা। রূপপুর প্রকল্প ছাড়া এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় প্রকল্প হলো পদ্মা সেতুর ওপর দিয়ে দক্ষিণাঞ্চলের সঙ্গে রেলের সংযোগ প্রকল্প। ওই প্রকল্পের ব্যয়ের পরিমাণ প্রায় ৩৫ হাজার কোটি টাকা।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পটি সরকারের ১০টি অগ্রাধিকার প্রকল্পের একটি। এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের মেয়াদকাল হলো ২০১৬ সালের জুলাই থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পে ৯১ হাজার ৪০ কোটি টাকা বা ১১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার ঋণ দেবে রাশিয়া। বাকি টাকা দেবে সরকার। পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্প থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রায় ৬০ বছর ধরে পাওয়া যাবে।
তবে দেশের বিশেষজ্ঞরা বলছেন, এত বড় ও উচ্চ বৈজ্ঞানিক জ্ঞানভিত্তিক প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা বুঝে নেওয়ার মতো অভিজ্ঞ ব্যক্তি দেশে যাঁরা আছেন, এই প্রকল্প বাস্তবায়নে তাঁদের ভূমিকা নেই। সরকার কোনো বিশেষজ্ঞ পরামর্শক প্রতিষ্ঠানও নিয়োগ করেনি, যা সাধারণ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রেও করা হচ্ছে। তা ছাড়া, প্রকল্পটি পরিচালনার মতো জনবলও দেশে নেই। প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে জনবল তৈরির কথা সরকার বললেও সেই জনবল দিয়ে এই প্রকল্প চালানো সম্ভব হবে না। যে কারণে রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি অপারেশন্স অ্যান্ড মেইনটেন্যান্স চুক্তি করবে সরকার।
প্রকল্পের শুরু থেকে রাশিয়ার সঙ্গে যে আলোচনা হয়েছে, সে অনুযায়ী রাশিয়া এই প্রকল্পের পারমাণবিক বর্জ্য ফেরত নেবে কি না, তা-ও এখনো নিশ্চিত নয়। অন্তত সাধারণ চুক্তিতে সে ধরনের কথা নেই। সরকার বলছে, এ ব্যাপারে ফেব্রুয়ারি নাগাদ আলাদা চুক্তি হবে। কিন্তু রাশিয়ার আইন হচ্ছে, অন্য দেশের বর্জ্য ফেরত নেওয়া যাবে না। তাই চুক্তিতে বিষয়টি কীভাবে উল্লেখ করা হয়, তা দেখার বিষয় হয়ে থাকছে।
সাধারণ চুক্তি অনুযায়ী রূপপুর প্রকল্পে কোনো ধরনের দুর্ঘটনার কারণে সৃষ্ট কোনো রকম ক্ষয়ক্ষতির দায় রাশিয়া নেবে না। সব দায় বাংলাদেশকেই বহন করতে হবে। অথচ প্রকল্পের সমীক্ষা থেকে শুরু করে সব কাজ রাশিয়াই করছে।