রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে মাইলফলক অগ্রগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশ ও রাশিয়া সরকার (জি টু জি) একটি চুক্তি অনুস্বাক্ষর করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, রূপপুরে প্রতিটি এক হাজার মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট স্থাপনে রাশিয়া বাংলাদেশকে সার্বিক সহায়তা দেবে।বাংলাদেশ সরকারের পক্ষে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রব হাওলাদার এবং রাশিয়ার পক্ষে সে দেশের পরমাণু শক্তি করপোরেশন ‘রোসাটম’-এর উপমহাপরিচালক নিকোলাই স্পাইকি নিজ নিজ সরকারের পক্ষে চুক্তি অনুস্বাক্ষর করেন। এ সময় আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমেদ, বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত গেন্নাদি পি ট্রটসেঙ্কো এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সরকারি সূত্রগুলো এই চুক্তি স্বাক্ষরকে অভিহিত করেছে দেশে দীর্ঘ প্রতীক্ষিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নে একটি মাইলফলক অগ্রগতি হিসেবে। এই অনুস্বাক্ষরিত চুক্তির ধারাবাহিকতায় আগামী এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য রাশিয়া সফরের সময় চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। তবে তার আগেই, অনুস্বাক্ষরিত চুক্তির আলোকে উভয় দেশ প্রকল্পটি নিয়ে কাজ শুরু করবে। প্রথমে একটি ইউনিট স্থাপনের প্রস্তুতি নেওয়া হবে। চুক্তি অনুযায়ী, এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়া বাংলাদেশকে আর্থিক, কারিগরি ও জনবল প্রশিক্ষণসহ সব ধরনের সহায়তা দেবে।