রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চূড়ান্ত ঋণচুক্তি সই
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে চূড়ান্ত ঋণচুক্তি সই হয়েছে। গতকাল মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোতে স্থানীয় সময় বেলা সোয়া দুইটায় এই চুক্তি সই হয়।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন। রাশিয়ার পক্ষে সই করেন দেশটির অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী সের্গেই আনাতোলেভিচ স্টরচক।
ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নির্মাতাপ্রতিষ্ঠান রোসাতোমের একটি সূত্র প্রথম আলোকে এই খবর জানিয়েছে।
১ হাজার ২৬৫ কোটি ডলার (১ লাখ কোটি টাকারও বেশি) মার্কিন ডলার ব্যয়সাপেক্ষ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়া ৯০ শতাংশ, অর্থাৎ ১ হাজার ১৩৮ দশমিক ৫ কোটি ডলার ঋণ দেবে। প্রকল্পের কারিগরি সহায়তা এবং যন্ত্রপাতিও সরবরাহ করবে রাশিয়া।
এর আগে, গত বছরের ২৫ ডিসেম্বর ঢাকায় প্রকল্পের মূল চুক্তি (জেনারেল কন্ট্রাক্ট) সই হয়। গত ১৭ মে মস্কোতে দুই পক্ষ ঋণচুক্তি অনুস্বাক্ষর করে। সরকার গত ২৭ জুন সেই চুক্তি অনুমোদন করে। ১৮ জুলাই অনুমোদন করে রাশিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ঋণচুক্তি সই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিল।
তবে এই প্রকল্পের ব্যয় এবং উৎপাদিত বিদ্যুতের দাম নিয়ে সরকার ও প্রকল্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের দ্বিমত রয়েছে।
২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে মোট ৭০০ কিস্তিতে রাশিয়া ঋণের সমুদয় অর্থ সরবরাহ করবে। আসলে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ সম্পন্ন হবে ৭০০ পর্বে। প্রতিটি পর্ব শেষ হওয়ার পর সেই পর্বের অর্থ পরিশোধিত হবে। আর সরকার যে ১০ শতাংশ জোগান দেবে (প্রায় ১২৬ দশমিক ৫ কোটি ডলার) তা ব্যয় হবে ৩৪টি পর্বে।
রাশিয়ার দেওয়া ঋণের সুদাসল প্রথম ১০ বছর পরিশোধ করতে হবে না। ঋণের কিস্তি পরিশোধ করা শুরু হবে ২০২৭ সালের মার্চ থেকে। এরপর প্রতিবছর দুটি করে কিস্তিতে ২০ বছরে (মোট ৪০টি কিস্তিতে) এই ঋণ পরিশোধ করতে হবে। প্রতিবছর একটি কিস্তি দিতে হবে ১৫ মার্চ। অপরটি ১৫ সেপ্টেম্বর।
রূপপুর কেন্দ্র স্থাপনে রাশিয়ার তৈরি ‘ভিভিইআর-১২০০’ প্রযুক্তির পারমাণবিক রিঅ্যাকটর ব্যবহার করা হবে। এটি ‘থ্রি প্লাস’ জেনারেশনের প্রযুক্তি, বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মতে যা এখন পর্যন্ত সর্বাধিক নিরাপদ। দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রের প্রথম ইউনিটটি ২০২৩ সালে এবং দ্বিতীয়টি পরের বছর চালু হতে পারে। অবশ্য সরকার চায় স্বাধীনতার ৫০তম বার্ষিকীর বছর, ২০২১ সালে প্রথম ইউনিটটি চালু হোক।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রথম উদ্যোগ নেওয়া হয় ১৯৬১ সালে, পাকিস্তান আমলে। কিন্তু তারপর প্রায় ৫০ বছর এ বিষয়ে তেমন কোনো কাজ হয়নি। ২০০৯ সালে এই কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়ে সরকার ২০১০ সালে জাতীয় সংসদে এ-সংক্রান্ত একটি আইন পাস করে। ২০১১ সালের নভেম্বরে রাশিয়ার সঙ্গে সহযোগিতা চুক্তি সই করে। ২০১৩ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রটি স্থাপনের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। তখন থেকে দুই বছর ধরে প্রকল্প এলাকায় বিভিন্ন সমীক্ষা চালানো হয়।
২০১৪ সালের আগস্টে জাতীয় সংসদে পাস করা হয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোম্পানি আইন। এই কোম্পানিই কেন্দ্রটি পরিচালনা করবে। তবে কেন্দ্রটির মালিকানা থাকবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে। কেন্দ্রটির আয়ুষ্কাল হবে ৫০ বছর। এই কেন্দ্রের জন্য জ্বালানিও সরবরাহ করবে রাশিয়া। এখানে যে তেজস্ক্রিয় বর্জ্য তৈরি হবে, তাও রাশিয়াই ফেরত নেবে।