রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের সার্বিক নিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গত বৃহস্পতিবার বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পাকশী পরিদর্শন বাংলোয় এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা বিধান ও কার্যাদি সম্পাদনে সহযোগিতা প্রদান-সংক্রান্ত মনিটরিং কমিটির’ সভায় ওই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন মনিটরিং কমিটির আহ্বায়ক ও রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. নুর-উর-রহমান।
সভায় মনিটরিং কমিটির ১৩ সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস খোরশেদ আলম, পাবনার পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির, জেলা প্রশাসক রেখা রাণী বালো, কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু রায়হান, এসপি মেহেদী হাসান, রূপপুর প্রকল্পের পরিচালক সৌকত আকবর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ময়নুল ইসলাম, কমিটির সদস্যসচিব ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল মাহমুদ, রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ কে বি এম রুহুল কুদ্দুস, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার প্রমুখ।
সভায় উপস্থিত দুজন সদস্য প্রথম আলোকে বলেন, মনিটরিং কমিটির সভা নিয়মিত বৈঠকের অংশ হলেও এবারের সভায় প্রকল্পের ভেতরে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনার বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। কমিটির সদস্যসচিব ইউএনও শাকিল মাহমুদ প্রকল্পের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।
বৈঠক চলাকালে পাবনার এসপি জিহাদুল কবির বলেন, ‘রূপপুর প্রকল্পটি দেশের সবচেয়ে বড় প্রকল্প। এর সঙ্গে জাতীয় স্বার্থ জড়িত। এ প্রকল্পে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও পর্যবেক্ষণ ও সহযোগিতা করা হচ্ছে। কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো কারণে এ প্রকল্পের কাজ বাধাগ্রস্ত বা প্রকল্পের নিরাপত্তা সামান্যতম ব্যাহত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ছাড় দেবে না।’
কুষ্টিয়ার এসপি আবু রায়হান বলেন, রূপপুর প্রকল্পের নিরাপত্তার জন্য কুষ্টিয়ার পুলিশ যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
সার্বিক পর্যালোচনার পর কমিটির আহ্বায়ক ও বিভাগীয় কমিশনার এবং ডিআইজি তাঁদের বক্তব্যে প্রকল্পের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য প্রশাসনকে প্রয়োজনে কঠোর অবস্থান নেওয়ার কথা বলেন।
সভা শেষে মনিটরিং কমিটির সদস্যরা রূপপুর প্রকল্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তাঁরা প্রকল্প-সংশ্লিষ্ট রুশ কর্মকর্তা-প্রকৌশলী ও স্থানীয় কর্মকর্তাদের সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেন।