রূপপুর প্রকল্পের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সামনে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। তাঁর নাম মেহেদি হাসান (২৩)। আজ সোমবার সকাল ১০টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কে এ ঘটনা ঘটে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নিজের অটোরিকশার গ্যাস শেষ হয়ে যাওয়ায় গ্যাস নেওয়ার জন্য অপর একটি অটোরিকশার সঙ্গে দড়ি বেঁধে এটি নিয়ে যাচ্ছিলেন মেহেদি হাসান। কুষ্টিয়া থেকে ঈশ্বরদীতে আসার সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের এক নম্বর ফটকের সামনে কুষ্টিয়াগামী কোচ হানিফ পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় অপর সিএনজিচালিত অটোরিকশার চালক রনি আহমেদ আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হানিফ পরিবহন কোচটি আটকের চেষ্টা করলে দ্রুত লালনশাহ সেতু পার হয়ে চলে যায়।

নিহত ব্যক্তির লাশ পুলিশ হেফাজতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানান এসআই আনিসুর রহমান।