রূপপুর বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি
পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হলে পরিবেশ বিপর্যয় দেখা দেবে। ভয়াবহ ঝুঁকিপূর্ণ এই বিদ্যুৎ প্রকল্প বাতিল করে রূপপুরের পরিবেশ রক্ষার দাবি জানিয়েছে প্রতিবেশ আন্দোলন বরিশাল জেলা শাখা।
গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, রাশিয়ার অর্থায়নে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের বিরোধিতার কারণ ঝুঁকি। এই ঝুঁকির কথা বিবেচনা করে হাঙ্গেরি, ইউক্রেন ও চেক প্রজাতন্ত্র চুক্তি বাতিল করেছে। বাংলাদেশের এই চুক্তি বাস্তবায়ন কোনোভাবেই যুক্তিসংগত হচ্ছে না। এই চুক্তি বাস্তবায়িত হলে তা আত্মঘাতী হবে।
বক্তারা আরও বলেন, ১৯৮৬ সালে রাশিয়ার চেরনোবিলে এবং ২০১১ সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক কেন্দ্রের বিপর্যয়ে শত শত মানুষ মারা গেছে। হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এখানে এ ধরনের বিপর্যয় ঘটলে এক-চতুর্থাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হবে। কয়েক প্রজন্ম এর কুফল ভোগ করবে। বিশাল ঋণের বোঝা নিয়ে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করার কোনো মানে নেই। প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই এবং পরিবেশ সমীক্ষা শেষ হওয়ার আগেই একনেকে অনুমোদন দেওয়া কোনোভাবেই সঠিক হয়নি।
প্রতিবেশ আন্দোলনের সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক দেওয়ান আবদুর রশীদ, সদস্য হারুনর রশীদ মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।