রূপপুর বিদ্যুৎ প্রকল্প যথাসময়ে শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল গণভবনে সাক্ষাৎ করেন রাশিয়ান ফেডারেশনের স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক এস ভি কিরিয়েনকো l ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল গণভবনে সাক্ষাৎ করেন রাশিয়ান ফেডারেশনের স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক এস ভি কিরিয়েনকো l ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের রূপকল্প বাস্তবায়নে নির্ধারিত সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শেষ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল মঙ্গলবার সকালে গণভবনে রাশিয়ান ফেডারেশনের স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক এস ভি কিরিয়েনকো সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। খবর বাসসের।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের বিষয় বিবেচনা করে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে পাবনার রূপপুরে নির্মিতব্য পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এসভি কিরিয়েনকো প্রধানমন্ত্রীকে জানান, সময়সূচি ও পরিকল্পনা অনুযায়ী রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ এগিয়ে চলছে।
শেখ হাসিনা রোসাটম মহাপরিচালককে বলেন, তাঁর সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। তিনি এ খাতে বাংলাদেশি বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দিতে রাশিয়ান ফেডারেশনের সহযোগিতা কামনা করেন।
প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে এবং চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরে মাইন উদ্ধারসহ যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়ান ফেডারেশন) সহায়তার কথা স্মরণ করেন।
শেখ হাসিনা রোসাটমের মহাপরিচালকের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানান।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান ও গওহর রিজভী, মুখ্য সচিব এম আবুল কালাম আজাদ, রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হক ও বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ এ সময় উপস্থিত ছিলেন।