রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক বিদ্যুৎ, জ্বালানি ও সামরিক খাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর রাশিয়া সফরে যাচ্ছেন। ওই সফরের সময় রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি সই হতে পারে। প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আগামী মাসে মস্কো সফরের কথা রয়েছে।এ বছর ভারত ও চীন সফরের পর এটি হবে শেখ হাসিনার অন্যতম গুরুত্বপূর্ণ সফর। ১৯৭২ সালের পর গত তিন দশকে এই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী রাশিয়ায় যাচ্ছেন। স্বাধীনতার পরপরই রাশিয়ায় যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল রোববার জানান, প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির বিষয়ে আলোচনার জন্য গতকাল পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সভাপতিত্বে এক আন্তমন্ত্রণালয় বৈঠক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ প্রতিবেদককে জানান, এ বছরের কোনো এক সময়ে প্রধানমন্ত্রী রাশিয়ায় যাবেন। প্রধানমন্ত্রীর সফরের আগে তিনি নিজে আগামী মাসে মস্কো সফর করবেন।কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর মস্কো সফরের বিষয়ে বেশ কিছুদিন ধরে প্রস্তুতি চলছে। তবে এখনো সফরের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি।জানা গেছে, হাসিনার মস্কো সফরের সময় দেশের বিদ্যুৎসংকট মেটাতে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সহযোগিতার বিষয়টি অগ্রাধিকার পাবে। এ ব্যাপারে দুই দেশের মধ্যে চুক্তি সইয়ের প্রক্রিয়া চলছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত গতকালের আন্তমন্ত্রণালয়ের বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সম্পর্কের সবকটি বিষয় আলোচিত হলেও প্রাধান্য পায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়টি। এ সফরের সময়েই বাংলাদেশ রাশিয়ার সঙ্গে ১০০০ মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি করতে চায়।উল্লেখ্য, চীন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পর গত বছরের মে মাসে রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। সমঝোতা করেও কেন্দ্র নির্মাণের সহায়তা থেকে পিছু হটে আগের তিনটি দেশ। রাশিয়ার সঙ্গে সই করা সমঝোতা স্মারক অনুযায়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দেশটি অবকাঠামোগত নির্মাণ, বিতরণ ও সঞ্চালনব্যবস্থা, জনশক্তিসহ বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা দেবে। প্রথম দফায় দুটি প্রকল্পের প্রতিটিতে ৫০০ করে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।