রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ সেপ্টেম্বরে শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার রূপপুরে আগামী সেপ্টেম্বর মাসে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ (গ্রাউন্ড ব্রেকিং) শুরু হচ্ছে। প্রায় এক বছর ধরে চলবে মাঠপর্যায়ে নানা ধরনের সমীক্ষা। এরপর এক হাজার মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট স্থাপনের কাজ শুরু হবে।প্রথম ইউনিটের কাজ শুরুর মাস ছয়েকের মধ্যে শুরু হবে একই ক্ষমতার দ্বিতীয় ইউনিটের কাজ। ২০২০ সালে কাছাকাছি সময়ে দুটি ইউনিটই চালু হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সূত্রে এসব তথ্য জানা গেছে।জানতে চাইলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান প্রথম আলোকে বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থায়ন এবং সব ধরনের কারিগরি প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রকল্পের কাজ এখন মাঠপর্যায়ে শুরুর অপেক্ষা।সূত্রগুলো জানায়, মাঠপর্যায়ে কাজ শুরুর আগে আজ বুধ ও আগামীকাল বৃহস্পতিবার বিষয়টি নিয়ে ঢাকায় একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এবং বিদ্যুৎকেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার রোসাটমসহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিষয়ে বিশেষজ্ঞরা এই সেমিনারে অংশ নেবেন।

সরকারি সূত্রগুলো জানায়, ওই সেমিনারের পরই প্রকল্প সম্পর্কে আগ্রহী সব মহলকে যাবতীয় তথ্য সরবরাহের জন্য ঢাকায় একটি তথ্যকেন্দ্র স্থাপনের কাজ শুরু হবে। জুলাই-আগস্টের মধ্যে এই তথ্যকেন্দ্র স্থাপনের কাজ শেষ হবে। এরপর সমীক্ষা শুরুর বিষয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে চুক্তি সই এবং রূপপুরে কাজ শুরু করা হবে।পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন কোনো দেশের শুধু একটি জাতীয় সিদ্ধান্তের বিষয় নয়। এর সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুমোদন, পরামর্শ, পর্যবেক্ষণ ও নিবিড় তদারকি অপরিহার্য। কোনো দেশ ইচ্ছা করলেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে পারে না। এ জন্য সংশ্লিষ্ট সব বিষয়ে আলাদাভাবে আন্তর্জাতিক মানের যোগ্যতা অর্জন করতে হয়, যার স্বীকৃতি দেয় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। বাংলাদেশ আইএইএর সেই স্বীকৃতি অর্জন করেছে। এ ছাড়া রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিটি পর্যায়ে আইএইএর নিবিড় পর্যবেক্ষণ থাকবে।গত বছর জেনেভায় অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে আইএইএর মহাপরিচালক বলেছিলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য তাঁদের নির্দিষ্ট করে দেওয়া মাইলফলকগুলো সফলভাবে অতিক্রম করে প্রকল্প বাস্তবায়নের জন্য দুটি দেশ প্রস্তুত হয়েছে। এই দেশ দুটি হচ্ছে ভিয়েতনাম ও বাংলাদেশ।বর্তমানে বিশ্বে ৪৩৮টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে, ৬১টি। এশিয়ায় সবচেয়ে বেশি কেন্দ্র চীনে, ৩১টি। জাপানের ফুকুশিমা দুর্ঘটনার আগে বিভিন্ন দেশে ৬৫২টি নতুন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ছিল। ওই দুর্ঘটনার পর ইউরোপে কিছু কেন্দ্র স্থাপনের পরিকল্পনা বাদ দেওয়ায় ওই সংখ্যা এখন ৫৮৮।ফুকুশিমা দুর্ঘটনার পর ১৯টি নতুন দেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশও রয়েছে। নিজ দেশে ও বিদেশে সবচেয়ে বেশি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে রাশিয়া, যার সংখ্যা এখন পর্যন্ত ১০১টি।রূপপুর প্রকল্পের জন্য সর্বোচ্চ আড়াই শতাংশ সুদে মোট প্রকল্প ব্যয়ের ৯০ শতাংশ ঋণ দেবে রাশিয়া। এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের দাম জলবিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের চেয়ে কিছুটা বেশি পড়বে। প্রকল্পের মোট ব্যয় ও বিদ্যুতের প্রকৃত দাম জানা যাবে সমীক্ষার পর। কেন্দ্রের বিপজ্জনক বর্জ্যও রাশিয়া নিয়ে যাবে।