রূপপুরের পারমাণবিক বর্জ্য অপসারণে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিঃসরিত বিপজ্জনক পারমাণবিক বর্জ্য অপসারণ নিয়ে আজ বুধবার বাংলাদেশের সঙ্গে রাশিয়ার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মস্কোয় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা টেলিফোনে বাসসকে বলেন, চুক্তিতে বাংলাদেশের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং রাশিয়ার পক্ষে রাশিয়ান স্টেট অ্যাটোমিক এনার্জি করপোরেশন ‘রোসাটোমে’র মহাপরিচালক এলেক্সই ই লিখাচেভ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের আগে ইয়াফেস ওসমানের সঙ্গে লিখাচেভের সংক্ষিপ্ত আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ ‘সমন্বিত চুক্তি ও নির্মাণ অনুমোদন’ সংশ্লিষ্ট স্বাক্ষরের মাধ্যমে রূপপুর প্রকল্পের কাজ ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আলোচনা করেন।

চুক্তিটি এর আগে ১৫ মার্চ ঢাকায় অনুস্বাক্ষরিত হয় এবং ৫ জুন মন্ত্রিপরিষদ বৈঠকে অনুমোদিত হয়। এই চুক্তিটির আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক বিপজ্জনক বর্জ্য থেকে বাংলাদেশকে সুরক্ষা দেবে এবং পারমাণবিক বর্জ্য অপসারণে পারমাণবিক নিরাপত্তা সুরক্ষার মান বজায় রাখবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের শুরু থেকেই বাংলাদেশ পারমাণবিক বর্জ্য রাশিয়ায় ফেরত পাঠানোর ওপর গুরুত্ব দিয়ে আসছে।

রাশিয়ার রাজধানী মস্কোতে রোসাটোমের সদর দপ্তরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তিসচিব এম আনোয়ার হোসেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক শওকত আকবর ও মন্ত্রণালয়ের উপসচিব হাফিজুর রহমান।