রূপপুরের স্পেন্ট ফুয়েল নেবে রাশিয়া, চুক্তি সই
বাংলাদেশ ও রাশিয়ার সরকারের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল (ব্যবহৃত পারমাণবিক জ্বালানি) রাশিয়ায় নিয়ে যাওয়া-সংক্রান্ত একটি সহযোগিতা চুক্তি গতকাল বুধবার মস্কোতে সই হয়েছে।
বাংলাদেশের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং রশিয়ার পক্ষে রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন ‘রোসাতম’-এর প্রধান নির্বাহী আলেক্সি লিখাচোভ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্র এবং বাংলাদেশে রোসাতমের জনসংযোগের দায়িত্বে নিয়োজিত ‘ট্রিউন গ্রুপ’ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানিয়েছে। তবে চুক্তির বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। সূত্রগুলো জানায়, চুক্তির আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ব্যবহৃত রাশিয়ার পারমাণবিক জ্বালানি থেকে প্রাপ্ত স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল রোসাতমের অঙ্গ প্রতিষ্ঠানসমূহে পুনঃপ্রক্রিয়াজাত করা হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল পরিশোধন-সংক্রান্ত অপর একটি চুক্তিও সইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। নিয়মানুযায়ী উভয় দেশের সরকার চুক্তিটি অনুমোদন করেছে। আন্তসরকারি ওই চুক্তির ধারাবাহিকতায় ভবিষ্যতে একটি বাণিজ্যিক চুক্তি প্রস্তুত ও সই করার পরিকল্পনা রয়েছে।
রাশিয়ার প্রযুক্তিনির্ভর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের সর্ববৃহৎ যৌথ উদ্যোগ প্রকল্প, যার মাধ্যমে দেশটি পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকারী বিশ্বের অপর দেশগুলোর কাতারে শামিল হওয়ার সুযোগ লাভ করবে। এই প্রকল্পটি বাস্তবায়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে।
ট্রিউন গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি সইয়ের পর আলেক্সি লিখাচোভ বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রতিটি ন্যূনতম ১২০০ মেগাওয়াট উৎপাদনÿক্ষমতাসম্পন্ন দুটি ‘ভিভিইআর রিঅ্যাক্টর’ স্থাপিত হবে। রাশিয়ার প্রযুক্তিতে তৈরি ভিভিইআর-১২০০ একটি আধুনিক ৩+ প্রজন্মের রিঅ্যাক্টর, যা ফুকুশিমা-পরবর্তী সব নিরাপত্তা মান এবং আন্তর্জাতিক বিধির সঙ্গে সংগতিপূর্ণ। লিখাচোভ বলেন, স্পেন্ট ফুয়েল-সংক্রান্ত চুক্তিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক। মূল নির্মাণকাজ শুরুর আগে এই চুক্তি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার একটি নতুন অধ্যায়।
প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত ৫ জুন মন্ত্রিসভা তেজস্ক্রিয় বর্জ্য ফেরত নেওয়া–সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন করে। পরে তা রাশিয়ার কাছে পাঠানো হয়। পরে দুই পক্ষ আলোচনার মাধ্যমে একমত হলে চুক্তি সইয়ের তারিখ চূড়ান্ত করা হয়। বাংলাদেশ এখন নিশ্চিত যে রাশিয়া রূপপুরের তেজস্ক্রিয় বর্জ্য ফেরত নেবে।
পরমাণু শক্তি কমিশনের কয়েকজন কর্মকর্তা (সাবেক ও বর্তমান) প্রথম আলোকে বলেন, রূপপুর কেন্দ্রটি স্থাপনের বিষয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ২০১১ সালের নভেম্বরে যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছিল, তাতে রাশিয়া স্পেন্ট ফুয়েল ফেরত নেবে বলে উল্লেখ আছে। কিন্তু স্পেন্ট ফুয়েল আর পারমাণবিক তেজস্ক্রিয় বর্জ্য এক নয়। বিষয়টি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল। আলোচনার মাধ্যমে তার নিরসন হয়েছে।