রূপবাহারের পাশে দাঁড়াল প্রশাসন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি গ্রামের রূপবাহার বেগম (৭৫)। কয়েক বছর আগে তাঁর স্বামী মারা যান। তখন থেকে নিঃসন্তান এ নারী অর্ধাহারে-অনাহারে জীবনযাপন করছিলেন। খবর পেয়ে তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ। উপজেলা প্রশাসনও তাঁর পাশে দাঁড়িয়েছে।
জানা যায়, সনমান্দি গ্রামের অসুস্থ রূপবাহারকে গত শনিবার বাড়ির ঝুপড়িঘর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ। এরপর অসহায় এই বৃদ্ধার পাশে দাঁড়ানোর জন্য তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। বিষয়টি সোনারগাঁয়ে নতুন যোগ দেওয়া ইউএনও শাহীনুর ইসলামের নজরে আসে। ইউএনও গতকাল বুধবার হাসপাতালে গিয়ে রূপবাহারকে একটি বয়স্ক ভাতার কার্ড ও ১০ হাজার টাকা দেন। এ সময় তিনি রূপবাহারের জন্য একটি ঘর তৈরির জন্য ঢেউটিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম বরাদ্দ করেন। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী রূপবাহারের জন্য ওষুধও সরবরাহ করা হয়। এ সময় ইউএনওর সঙ্গে নারায়ণগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হেলাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাসিমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নঈম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
ইউএনও শাহীনুর ইসলাম বলেন, ‘মানবিক কারণে আমরা অসহায় এ নারীর পাশে দাঁড়িয়েছি। তাঁকে সরকারিভাবে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।’