রূপসা খেয়াঘাটে অতিরিক্ত অর্থ আদায়, বাগ্বিতণ্ডা
খাস আদায়ের নামে রূপসা খেয়াঘাটে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। মানা হচ্ছে না খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মূল্যতালিকা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ঘাট দিয়ে যাতায়াতকারী লোকজন। প্রায়ই আদায়কারীদের সঙ্গে যাতায়াতকারীদের বাগ্বিতণ্ডা হচ্ছে।
কেসিসি থেকে জানা যায়, স্বাধীনতার আগে থেকেই এই ঘাটে ফেরি চলাচল শুরু করে। এই নদী পার হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ বাগেরহাট, মংলা, বরিশাল, পিরোজপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও ঢাকায় যাতায়াত করে। ১০ বছর আগে নগরের খানজাহান আলী (রূপসা) সেতু নির্মাণ হলে ফেরি সরিয়ে নেওয়া হয়। আর ২০০৭ সাল থেকে কেসিসি ঘাটটিকে বছর ভিত্তিতে ইজারা দিয়ে আসছে। চলতি বছরের ১৪ এপ্রিল এর ইজারার মেয়াদ শেষ হলে কয়েকবার দরপত্র আহ্বান করা হয়। মূল্য নির্ধারণ করা হয় প্রায় ৫০ লাখ। কিন্তু মূল্য অধিক হওয়ায় দরপত্র পড়েনি। শেষমেশ ১৭ হাজার টাকা দিনে দেওয়ার চুক্তিতে মাছ ব্যবসায়ী অহিদুল ইসলামকে দেওয়া হয়েছে।
খেয়াঘাট দিয়ে যাতায়াতকারী লোকজন অভিযোগ করেন, টেবিল ফ্যানের জন্য নির্ধারিত পাঁচ টাকার স্থলে নেওয়া হচ্ছে ২৫-৩০ টাকা, মোটরসাইকেল ১০ টাকার স্থলে ১৫ টাকা, নতুন বাইসাইকেল পাঁচ টাকার স্থলে ১০ টাকা, পুরোনো বাইসাইকেলে দুই টাকার স্থলে পাঁচ টাকা, টিভি পাঁচ টাকার স্থলে ৩০-৪০ টাকা, ফ্রিজ ৪০ টাকার স্থলে ৫০-৬০ টাকা, সেলাই মেশিন পাঁচ টাকার বদলে ১৫-২০ টাকা, ওষুধের কার্টন (বড়) ১০ টাকার জায়গায় ৩০-৪০ টাকা করে দিতে হচ্ছে। ভাড়ার তালিকা দেখতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।
শুক্র, শনি ও রোববার সরেজমিনে দেখা গেছে, ঘাটে ভাড়া আদায়কারীদের সঙ্গে যাতায়াতকারীদের বাগ্বিতাণ্ডা হচ্ছে। শুক্রবার এই প্রতিবেদক নিজেই মোটরসাইকেল নিয়ে পার হলে তাঁর কাছ থেকে ১০ টাকার স্থলে ১৫ টাকা রাখা হয়। জানতে চাইলে আদায়কারীরা বলেন, ‘এটাই এখানকার রেট।’
শনিবার গিয়ে দেখা যায়, নগরের নিরালার বাসিন্দা সৈয়দ আল-আমিন হাসানের সঙ্গে বাগ্বিতণ্ডা চলছে আদায়কারীদের। এ সময় আল-আমিন বলেন, ‘আমার এই কার্টনে চারটি দেয়ালঘড়ি রয়েছে। এর জন্য তারা ৫০ টাকা দাবি করছে।’
রোকেয়া খাতুন রূপসার কাজদিয়ার গ্রামের বাসিন্দা। তিনি একটি নতুন রাইসকুকার কিনে বাড়ি ফিরছিলেন। তাঁর কাছে ৫০ টাকা দাবি করা হয়। এই নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। একটু পরে রোকেয়া দেখেন, তাঁর পাশে রাখা রাইসকুকারটি নেই।
রোববার গিয়ে কথা হয় বাগেরহাটের মংলা উপজেলার বানাইনগরের বাসিন্দা টুকু হাওলাদারের সঙ্গে। তিনি বলেন, ‘আমি চার হাজার টাকা দিয়ে একটি প্রিন্টার কিনেছি আর এটি পার করার জন্য দিতে হলো ৪০ টাকা।’ টুকুকে সঙ্গে নিয়ে আদায়কারী জাফর শেখের কাছে গিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ১০০ টাকার মালে এক টাকা করে নিয়ে থাকি।’ তালিকা দেখতে চাইলে তিনি প্রতিবেদকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
টোলঘরের কোষাধ্যক্ষ মো. লিটন বলেন, ‘এই জায়গা দিয়ে পার হওয়ার সময় সাংবাদিক, পুলিশ, প্রতিবন্ধী ও ভিক্ষুক টাকা দেয় না। এতে আমাদের পোষায় না। তাই টুকটাক করে টাকা আদায় করা হচ্ছে।’
কেসিসির সম্পত্তিবিষয়ক কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার বলেন, ‘আমাদের কাছেও এমন অভিযোগ আছে। আমি তাদের ডেকে নিয়ে বিষয়টি জানতে চাইব।’