রূপসা ঘাটে যাত্রীদের দুর্ভোগ

চার বছরের শিশুসন্তানকে নিয়ে খুলনায় ঈদের কেনাকাটা করতে আসছিলেন ফকিরহাটের শ্যামবাগাত গ্রামের রুনু আক্তার। যখন রূপসা খেয়াঘাট পার হচ্ছিলেন, তখন নদীতে ভাটা। নদীর পশ্চিম পাড়ে এসে খেয়ার ট্রলার থামল। পন্টুন থেকে ট্রলারের মাথা তখন তিন ফুটের মতো নিচুতে। শিশুটিকে কোলপাঁজা করে পন্টুনের ওপর তুলে দিলেন অন্য একজন যাত্রী। হাতের ওপর ভর দিয়ে পন্টুনে ওঠার চেষ্টা করলেন রুনু। তবে পুরোপুরি সফল না হয়ে পড়ে যান পন্টুনের ওপর।
কোনোমতে উঠে দাঁড়িয়ে ঘাটের দুরবস্থা সম্পর্কে আক্ষেপ করে রুনু বললেন, এত দুর্ভোগ নিয়ে পার হওয়া যায় নাকি! রুনু আক্তারের মতো প্রতিদিন হাজার হাজার মানুষকে রূপসা নদীর দুই পাড়ের খেয়াঘাটের পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে।
খুলনা শহরের অন্যতম প্রবেশদ্বার রূপসা ঘাট দিয়ে প্রতিদিন গড়ে ৪০ হাজার লোক পারাপার হয়ে থাকে। এই ঘাটের যাত্রী পারাপার সুবিধাসহ জনদুর্ভোগ লাঘবে নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় ঘাটের দুই পাড়ে নতুন গ্যাংওয়ে ও পন্টুন নির্মাণ করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। তবে নতুন নির্মিত পন্টুন ও গ্যাংওয়ে যাত্রীদের জন্য আশীর্বাদ না হয়ে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, সরু গ্যাংওয়ে দিয়ে যাত্রীরা ঝুঁকি নিয়ে পন্টুনে যাতায়াত করছেন। নতুন গ্যাংওয়ে নদীর ভাটার সময় মারাত্মক খাড়া হয়ে থাকছে। আর পন্টুন নদীর পানির স্তরের চেয়ে অনেক উঁচুতে ভাসমান অবস্থায় থাকছে। পারাপারের ট্রলারগুলো থেকে দুই থেকে আড়াই ফুট উঁচু থাকছে সেটি। এর ফলে যাত্রীরা ট্রলারে ওঠানামা করতে হিমশিম খাচ্ছেন। পাশাপাশি বাইসাইকেল, মোটরসাইকেল ও ভ্যানগাড়ি ওঠানো-নামানোর ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। স্বাভাবিকের চেয়ে বেশি খাড়া গ্যাংওয়েতে মোটরসাইকেল ও মালবোঝাই ভ্যান ওঠানো-নামানো এক রকম অসম্ভব হয়ে পড়েছে। বেশি কষ্ট হচ্ছে নারী, বৃদ্ধ ও শিশুদের।
ঘাটের মাঝি ও নিয়মিত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রূপসা সেতু চালু হওয়ার পর ফেরি চলাচল বন্ধ হয়ে গেলেও পূর্ব ও পশ্চিম রূপসা পাড়ের খেয়াঘাট আজও ‘রূপসা ফেরিঘাট’ নামেই পরিচিত। ট্রলারের মাধ্যমে প্রতিদিন কমপক্ষে ৪০ হাজার মানুষ পারাপার হয় এই ঘাট দিয়ে। ঈদ সামনে রেখে ঘাট পারাপারে যাত্রীর চাপ ক্রমশ বাড়ছে।
সোহেল শেখ, রাসেল শেখসহ অন্তত ১০ জন ঘাটমাঝি জানান, পশ্চিম ঘাটের পুরোনো পন্টুন একেবারে অকেজো হয়ে পড়ায় বাধ্য হয়ে তাঁরা নতুন পন্টুন ব্যবহার করছেন। এদিকে পূর্ব পাড়ে পুরোনো ভাঙা পন্টুন এখনো তাঁরা ব্যবহার করছেন। দীর্ঘদিন ব্যবহারে ভেঙে পড়া গ্যাংওয়েতে বস্তা, বাঁশ ও কাঠ দিয়ে কোনোমতে ছিদ্র বন্ধ করা হয়েছে। এই পুরোনো ভাঙা পন্টুন দিয়ে যাত্রীরা পারাপার হতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। সব মিলিয়ে ঘাট পার হতে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।
রূপসার রেভা. আবদুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক গোলাপ আলী খুলনা থেকে প্রতিদিন খেয়া পার হয়ে রূপসা যান। তিনি বলেন, প্রতিনিয়ত ঘাট পার হতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। পন্টুন দিয়ে ট্রলারে ওঠানামা করা খুবই দুরূহ। নারীরা তো দূরের কথা, পুরুষেরাই একজন আরেকজনের সহযোগিতা ছাড়া উঠতে-নামতে পারেন না।
এ ব্যাপারে ঘাটের টোল আদায়কারী কে এম চঞ্চল বলেন, ভাটার সময় পন্টুন থেকে ট্রলারে ওঠানামা করা যায় না। অপেক্ষাকৃত খাড়া গ্যাংওয়ে থেকে পন্টুনে নামা নারী, শিশু ও বৃদ্ধদের জন্য অসম্ভব হয়ে পড়ছে। বর্ষাকালে এটি পিচ্ছিল হয়ে বিপজ্জনক অবস্থা তৈরি হবে। সরু গ্যাংওয়ে রূপসার মতো জনবহুল ঘাটে চলে না। টোল আদায়ও কমে গেছে। তিনি জানান, সিটি করপোরেশনকে লিখিত ও মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। তবে তারা কোনো পদক্ষেপ নেয়নি।
তবে কেসিসির নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. ছয়ফুদ্দিন বলেন, জোয়ারের সময় দুই পাড়ের ঘাট পানিতে নিমজ্জিত হতো। এ কারণে পন্টুন ও গ্যাংওয়ে কিছুটা উঁচু করে নির্মাণ করা হয়েছে। মাঝিরা অতিরিক্ত যাত্রী তোলেন বলে পন্টুন থেকে ট্রলার নিচু হয়ে যাচ্ছে। তাঁদের সুবিধার জন্য পন্টুনের সামনের কিছুটা অংশ কেটে দেওয়া হয়েছে।