রূপসা ঘাটে যাত্রীদের দুর্ভোগ
‘১৪ মাসের শিশুপুত্রকে ডাক্তার দেখাতে খুলনায় যাচ্ছিলাম। রূপসা ঘাটের পশ্চিম পাড়ের পন্টুনে নেমে ব্রিজে উঠতেই হঠাৎ সেটি ভেঙে পড়ে। আমিসহ অনেকেই পানিতে হাবুডুবু খাচ্ছিলাম। অন্যরা উদ্ধার না করলে আমি ছেলেকে বাঁচাতে পারতাম না।’ বাগেরহাটের কার্তিকদিয়া গ্রামের শেখ রবিউল ইসলামের স্ত্রী রিপা বেগম এভাবে ঘাটের দুরবস্থা সম্পর্কে তাঁর আক্ষেপের কথা প্রকাশ করেন। ঘাটের বড় পন্টুনটি ডুবে যাওয়ার আট দিনের মাথায় এ দুর্ঘটনা ঘটে।খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ৩০ অক্টোবর সন্ধ্যায় রূপসা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে দর্শকদের অতিরিক্ত ভারে পশ্চিম পাড়ের বড় ধরনের পন্টুনটি ডুবে যায়। পরে বিকল্প হিসেবে ঘাটে ছোট ধরনের দুটি পন্টুন বসিয়ে সাময়িকভাবে সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয়। কিন্তু ছোট পন্টুন বসানোর পর থেকে প্রায় প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। গত ৮ নভেম্বর এমনি এক দুর্ঘটনার পর যাত্রীরা উত্তেজিত হয়ে ঘাট ইজারাদারকে টোলঘরে তালাবদ্ধ করে কিছুক্ষণ অবরোধ করে রাখেন।সরেজমিনে দেখা গেছে, ঘাটের পশ্চিম পাড়ের পন্টুন দুটির মধ্যে দূরত্ব প্রায় ৩০ মিটার। সরু দুটি বেইলি সেতু দিয়ে যাত্রীরা ঝুঁকি নিয়ে পন্টুন দুটিতে যাতায়াত করছেন। বেইলি সেতু দুটিরই একাংশ জোয়ার-ভাটায় পন্টুনের সঙ্গে উঁচু-নিচু হচ্ছে। ভাটার সময় এই অংশ খাড়া হয়ে যায়। এ ব্যাপারে ঘাটের টোল আদায়কারী বজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সরু বেইলি ব্রিজ রূপসার মতো জনবহুল ঘাটে চলে না। ঘাট ইজারাদারের সঙ্গে কথা বলে ব্রিজটি তৈরি করা উচিত ছিল। ব্রিজটির কারণে ঘাট দিয়ে মালামাল, রিকশাভ্যান, মোটরসাইকেল কিছুই পারাপার করা যাচ্ছে না। বড় পন্টুনটি ডুবে যাওয়ার পর থেকে আমাদের আদায় (কালেকশন) প্রতিদিন পাঁচ হাজার টাকা কমে গেছে।’ ঘাট ইজারাদার সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে ঘাটে মানুষের দুর্ভোগ দেখে আমিও হতবাক হয়েছি। ৬৮ লাখ টাকায় এক বছরের জন্য ঘাট ইজারা নিয়ে দুই মাস ধরে আমি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছি। খুলনা সিটি করপোরেশনের ইঞ্জিনিয়াররা একটু আন্তরিক হলে এ অবস্থা এড়ানো যেত।’ খুলনা সিটি করপোরেশনের এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার গত রোববার প্রথম আলোকে বলেন, ‘পন্টুনটি ডুবে যাওয়ার চার-পাঁচ দিনের মধ্যে তোলা হয়েছে। ওই সপ্তাহেই মেরামতের জন্য পন্টুনটি ডকে দেওয়া হয়েছে। মেরামতের কাজ এখনো চলছে। আশা করছি, ১৫ দিনের মধ্যে পন্টুনটি আগের স্থানে পুনঃস্থাপন করা যাবে।’