রূপসা ট্রেনে ভাঙচুর, আগুন
সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে হরতাল-সমর্থকেরা ব্যাপক ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এরপর স্টেশন মাস্টারের কক্ষ ও কাউন্টারের কাচ ভেঙে ফেলে তারা। আজ রোববার সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
আতঙ্কে তাড়াহুড়া করে নামতে গিয়ে ২০-২৫ জন যাত্রী আহত হন। কাচের আঘাতে আহত আবদুল মজিদ নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পাঁচবিবি থেকে নিজ জেলা পাবনা যাচ্ছিলেন।
ট্রেনের যাত্রী আছিয়া বেগম, মিলন খান ও আবদুর রহিম প্রথম আলো ডটকমকে জানান, জয়পুরহাট স্টেশনে ঢোকার পথে ট্রেনে ব্যাপক ইটপাটকেল ছোড়ে মিছিলকারীরা। এরপর ট্রেনটি স্টেশনে দাঁড়ালে এক-দেড় শ যুবক লাঠিসোঁটা নিয়ে ট্রেনের বগি ও গ্লাস ভাঙতে শুরু করে।
ট্রেনে হামলার খবর পেয়ে জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলমের নেতৃত্বে একদল পুলিশ স্টেশনে যায়। তবে এর আগেই হরতাল-সমর্থকেরা পালিয়ে যায়।
জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মান্নান প্রথম আলোকে জানান, হরতাল-সমর্থকেরা ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দেয়। বগি নম্বর চ-৫২৫৫। আগুনে বগির একটি সিট পুড়ে যায়। তবে যাত্রীরা আগুন নিভিয়ে ফেলেন। হরতাল-সমর্থকেরা সাতটি বগির জানালার কাচ ভেঙে ফেলে। ব্যাপক ভাঙচুর শুরু হলে ট্রেনের চালক পালিয়ে যান। মুঠোফোনে যোগাযোগ করে চালককে এনে এক ঘণ্টা পর ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, অধিকাংশ যাত্রী জয়পুরহাট স্টেশনে নেমে পড়েছেন। আতঙ্কের কারণে তাঁরা নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার সাহস পাননি।
কর্তব্যরত স্টেশনমাস্টার ইব্রাহিম হোসেন জানান, ট্রেনের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে সান্তাহার জিআরপি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।