রূপসা নদীতে নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবমুখর পরিবেশে খুলনার রূপসা নদীতে গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় বাংলালিংক অষ্টম নৌকাবাইচ। রূপসা নদীতে প্রবল স্রোত ও ঢেউয়ের মাঝে মাঝিদের সাজ আর বাদ্যের ঝংকারে মুখরিত হয়ে ওঠে নদীর দুই তীর। গতিময় নৌকার অনবরত বৈঠা চালানো দেখে মুগ্ধ হন হাজারো মানুষ।

‘বিজয়ের লক্ষ্যে ছুটে চলি দুরন্ত গতিতে’ স্লোগান সামনে রেখে খুলনা নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র জাঁকজমকপূর্ণ এই নৌকাবাইচের আয়োজন করে। এতে ২৩টি নৌকা অংশ নেয়। প্রতিটি নৌকায় অর্ধশত মাঝি ছিলেন। ছোট গ্রুপে কয়রার মেঘদূত দল প্রথম, কয়রার টাইগার দ্বিতীয় ও ডুমুরিয়ার সবুজ সংঘ দল তৃতীয় হয়েছে। কালাই গ্রুপে মাগুরার চাঁদ দল প্রথম, তেরখাদার মাহাবুবুর রহমানের দল দ্বিতীয় ও বটিয়াঘাটার জুলফিকার আলীর দল তৃতীয় হয়। এ ছাড়া তালাই গ্রুপে কয়রার মেঘদূত প্রথম, তেরখাদার ভাই ভাই দল দ্বিতীয় ও নড়াইলের বাঘা দল তৃতীয় হয়েছে। সরেজমিনে দেখা যায়, নৌকাবাইচ ঘিরে নদীর দুই তীরে নামে মানুষের ঢল। ছোট-বড় অসংখ্য ট্রলার, মাইক, বাদ্যযন্ত্র নিয়ে মানুষ বাইচের নৌকার সঙ্গে নদীপথে ঘুরে বেড়ান। নগরের ১ নম্বর কাস্টমস ঘাট থেকে বেলা দুইটায় নৌকাবাইচ শুরু হয়। শেষ হয় রূপসা সেতুর নিচে গিয়ে। এর আগে কাস্টমস ঘাটে উদ্বোধনী অনুষ্ঠানে নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খুলনা সিটির মেয়র মনিরুজ্জামান, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বাংলালিংকের কর্মকর্তা মো. বাবুল হক, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান।

পরে রূপসা সেতুর নিচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ করেন খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলাম।