রূপসা নদীতে নৌকাবাইচ
‘আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের দিনবদলের অনুপ্রেরণা’ স্লোগান নিয়ে খুলনার রূপসা নদীতে সপ্তম খুলনা নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার খুলনা নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বাংলালিংকের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলা তিনটায় নগরের কাস্টমঘাট এলাকায় প্রধান অতিথি খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক প্রতিযোগিতার উদ্বোধন করেন।এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলাম, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনর রশীদ, নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার এম এম রাজীব, বিভাগীয় কমিশনার এম এ জলিল, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী প্রমুখ।এতে খুলনার কয়রা, ডুমুরিয়া, পাইকগাছা, তেরখাদা, দিঘলিয়া, সাতক্ষীরার তালা ও মাগুরা থেকে আসা মোট ১৮টি বাইচ নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় হাসানপুর টাইগার বাইচ দল চ্যাম্পিয়ন ও ডুমুরিয়ার উপজেলার বরুণা বাইচ দল প্রথম রানার্সআপ হয়েছে। দ্বিতীয় রানার্সআপ হয়েছে ডুমুরিয়ার মাগুরাঘোনা বাইচ দল।