রূপসাকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীসহ ৬ জনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামে রূপসা পারভীনকে যৌতুকের দাবিতে পুড়িয়ে মারার অভিযোগে গতকাল শুক্রবার মামলা হয়েছে। পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। রূপসার মা আলেয়া খাতুন শ্রীপুর থানায় ওই মামলা করেন। মামলায় রূপসার স্বামী সাজ্জাদ খান (৩০), শ্বশুর আইয়ুব খান (৫৫), শাশুড়ি রূপবান বেগম (৫০), ননদ কবিতা খাতুন (১৯), চাচাশ্বশুর নায়েব আলী (৫০) ও চাচিশাশুড়ি রূপালী বেগমকে (৪৫) আসামি করা হয়েছে। আলেয়া খাতুন অভিযোগ করেন, সাজ্জাদ যৌতুকের দাবিতে গত বৃহস্পতিবার ভোরে পরিবারের অন্য সদস্যদের সহযোগিতায় রূপসার শরীরে এসিড ও কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রূপসার মৃত্যু হয়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, রূপসাকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় ওই দিন রাতেই রূপবান ও রূপালীকে আটক করা হয়। শুক্রবার মামলা হলে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।