রূপসায় কৃষককে পিটিয়ে হত্যা বেনাপোলে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুর্বৃত্তরা গতকাল সোমবার মোতালেব মোড়ল (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে। যশোরের বেনাপোল স্থলবন্দরসংলগ্ন এলাকা থেকে গতকাল সকালে পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে একদল দুর্বৃত্ত রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে ওই গ্রামের মোতালেবকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া নয়টার দিকে তিনি মারা যান।
যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দরের তল্লাশিচৌকি (চেকপোস্ট)-সংলগ্ন এলাকা থেকে গতকাল সকালে রওশন আলী মোড়ল (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শার্শা উপজেলার বড় আঁচড়া গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে তাঁর স্ত্রী তাহেরুন নেছা বেগম বাদী হয়ে বেনাপোল বন্দর থানায় একটি হত্যা মামলা করেছেন। বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম আলী সরদার জানান, মাথায় আঘাত করে হত্যার পর দুর্বৃত্তরা রওশনের লাশ ফেলে গেছে। লাশের গলা থেঁতলানো ছিল। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।