রূপসায় গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু
খুলনার রূপসা উপজেলা পরিষদের নির্বাচনের দিন সহিংসতা চলাকালে গুলিবিদ্ধ নৈহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি সেলিম পাটোয়ারী (৩০) মারা গেছেন। গতকাল শুক্রবার ভোরে ঢাকায় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সেলিমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকাল নয়টা পর্যন্ত রূপসা-বাগেরহাট সড়ক অবরোধ করে রাখেন যুবলীগের নেতা-কর্মীরা। সেলিম রূপসা উপজেলার কাজদিয়া গ্রামের তাজুল পাটোয়ারীর ছেলে।
জানা গেছে, রূপসা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয় ২৩ মার্চ। ওই দিন বেলা দুইটার দিকে রূপসার সামন্তসেনা দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এই সময় পুলিশ গুলি চালালে জেলা আওয়ামী লীগের সদস্য ও কৃষক লীগের সাধারণ সম্পাদক ফ ম সালাম শিকদার, যুবলীগ নেতা সেলিম পাটোয়ারী, ইকবাল, আলম, আকরাম শেখ, নার্গিস ও চন্দন আহত হন।
প্রথমে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে সেলিম, সালাম ও ইকবালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর কিছু সময়ের জন্য ভোট গ্রহণ বন্ধ রাখা হয়।