রূপসায় পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা উপজেলার নৈহাটী পশ্চিমপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। এরা হচ্ছে নৈহাটী পশ্চিমপাড়া এলাকার জনি শেখের দুই ছেলে ইয়াছিন শেখ (৪) ও ইনসান শেখ (৩) এবং দেলোয়ার হোসেনের মেয়ে শানু (৩)। নিহত শিশুর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে ইয়াছিন শেখ, ইনসান শেখ এবং শানু একসঙ্গে রাস্তার পাশে বসে খেলা করছিল। খেলাধুলার একপর্যায়ে তারা রাস্তার পাশে নির্মিত কালভার্টের পাশের পানিতে পড়ে যায়। এতে সেখানেই তাদের মৃত্যু হয়। অনেক খোঁজাখুঁজির পর ওই স্থান থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, একসঙ্গে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।