রূপসায় বালু তোলা বন্ধ করেননি ছাত্রলীগের সেই নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা উপজেলায় সড়ক ও বাঁধ হুমকিতে ফেলে ছাত্রলীগের এক নেতা এখনো বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পত্রিকায় সংবাদ প্রকাশের পর ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বালু তোলা বন্ধ করে দিয়েছেন ওই নেতা।ছাত্রলীগের ওই নেতার নাম কামরুল ইসলাম সরদার। তিনি রূপসা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি শ্রফতলা গ্রাম এলাকা থেকে বালু তুলছেন।উপজেলার আঠারোবাকী নদীর বিভিন্ন স্থান থেকে শ্রমিক নিয়োগ করে দীর্ঘদিন ধরে বালু তুলছেন কামরুল ইসলাম। উপজেলা প্রশাসন তাঁকে বালু তোলার অনুমতি দিয়েছে। বালু তোলায় আলাইপুর গ্রামসহ বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। এ নিয়ে প্রথম আলোয় গত বছরের ২৭ ডিসেম্বর ‘অবৈধভাবে ছাত্রলীগ নেতাকে বালু তোলার অনুমতি’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, পত্রিকায় খবর প্রকাশের পর আঠারোবাকী নদীর যেসব জায়গা ভাঙনের মুখে পড়েছে, সেসব জায়গা থেকে বালু তোলা বন্ধ করে দিয়েছেন ছাত্রলীগের ওই নেতা। অন্যান্য স্থান থেকে বালু তোলা বন্ধে জোর চেষ্টা চালানো হচ্ছে।সেনহাটি গ্রামের মো. রহিম বলেন, এখনো বালু তোলা বন্ধ হয়নি। তবে প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর বালু তোলা কিছুটা কমে গেছে।কামরুল ইসলাম সরদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘আমরা আঠারোবাকী নদীর স্পর্শকাতর স্থান থেকে বালু তোলা বন্ধ করে দিয়েছি। বাকি জায়গা থেকে বালু তোলা বন্ধের চেষ্টা চালাচ্ছি।’