রূপসায় রেলসেতু নির্মাণে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা নদীর ওপর রেলওয়ে সেতু নির্মাণের জন্য ভারতীয় প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুবরোর সঙ্গে চুক্তি সই করেছে রেলপথ মন্ত্রণালয়। গতকাল সোমবার বিকেলে রেল ভবনে এই চুক্তি সই হয়।
রেলওয়ের পক্ষে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রকল্প) মজিবর রহমান এবং লারসেনের পক্ষে ভাইস প্রেসিডেন্ট পি নিরঞ্জন এই চুক্তি সই করেন। মূল সেতুর দৈর্ঘ্য হবে ৭১৬ মিটার। এ জন্য খরচ হবে ১ হাজার ৭৬ কোটি টাকা। খুলনা-মংলা বন্দর রেলপথ নির্মাণের অংশ হিসেবে এই সেতু নির্মিত হচ্ছে।
চুক্তি সইয়ের আগে রেলমন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের বলেন, খুলনা-মংলা খুব গুরুত্বপূর্ণ পথ। এই রেললাইন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই রেলপথ নির্মাণের অংশ হিসেবে রূপসায় রেলসেতু হচ্ছে। খুব শিগগির খুলনা-মংলা বন্দরের রেলপথ নির্মাণের চুক্তি হবে।
রেলমন্ত্রী রেলপথের বিভিন্ন প্রকল্পের কার্যক্রম তুলে ধরে বলেন, বর্তমান সরকার রেলের উন্নয়নে নানা কার্যক্রম নিচ্ছে। কারণ, রেলপথ সাশ্রয়ী ও নিরাপদ। রেল মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ্ উদ্দিন, রেলের মহাপরিচালক আমজাদ হোসেনসহ রেল মন্ত্রণালয় রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।