রূপসী বাংলার কর্মীদের চাকরির নিশ্চয়তা রয়েছে
সংস্কারকাজ চলাকালে রূপসী বাংলা হোটেলের সব স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীর চাকরির পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কারের কারণে কারও চাকরিচ্যুতি ঘটবে না। সব স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা ও সার্ভিস চার্জ (স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের জন্য) পাবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার বলা হয়, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে ইজারা নেওয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাময়িক স্থানান্তর করা হবে। প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে হোটেলের সংস্কারকাজে নিয়োজিত করা হবে। কিছু কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন দেশে আইএইচজি পরিচালিত হোটেলে সাময়িকভাবে নিয়োজিত করা বা প্রশিক্ষণে পাঠানো হবে। সংস্কারের পর সবাইকে হোটেলে নিয়োজিত করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপসী বাংলাকে ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ নামে ব্র্যান্ডিং করা হবে। এ বিষয়ে স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লি. (বিএসএল) ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপের (আইএইচজি) সঙ্গে চুক্তি সই করেছে। হোটেলটির সংস্কার ২০১৪ সালের মাঝামাঝি শুরু হবে।