রূপসী বাংলার সামনে বাসচাপায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রূপসী বাংলা হোটেলের সামনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে বাসচাপায় তরিকুল ইসলাম (২৫) নামের এক যুবক মারা গেছেন।

নিহত তরিকুলের সহকর্মী ফরিদ প্রথম আলোকে জানান, তাঁরা দুজন রূপসী বাংলার বিপরীত দিকের পেট্রলপাম্পে চাকরি করেন। আজ সকালে তরিকুল মোহাম্মদপুরের বাসা থেকে বাসে করে কর্মস্থলে আসছিলেন। রূপসী বাংলার সামনে বাস থেকে নামার পর পেছন থেকে আরেকটি বাস তাঁকে চাপা দেয়।

রূপসী বাংলা হোটেলের সামনে কর্মরত পুলিশের সার্জেন্ট গুঞ্জন কুমার বলেন, ‘হঠাত্ একটি শব্দ শুনতে পাই। পরে দেখি একজন রাস্তায় পড়ে আছেন।’

রমনা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।