রূপা জানে না তার স্বপ্ন পূরণ হবে কি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আমবাগান বস্তির একটি ঘরের ছোট কামরায় একটি চৌকি পাতা। এখানেই বাবা-মা ও ছোট বোনের সঙ্গে থাকে রূপা। চৌকির নিচে বইপত্র, কাপড়চোপড়ের স্তূপ। এটাই তার পড়াশোনার জায়গা।এই পরিবেশে থেকেই পূর্ব টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রূপা আখতার প্রাথমিক সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার শিক্ষার্থীদের মধ্যে জিপিএর দিক থেকে তৃতীয় ও মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। গত সোমবার তাদের ঘরে গিয়ে কথা হয় রূপার সঙ্গে। সে কথাবার্তা খুব গুছিয়ে বলে। কোনো আঞ্চলিকতার ছাপ নেই। বেশ আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা।থানা শিক্ষা কর্মকর্তা মো. তসলিম হোসেন রূপা সম্পর্কে বলেন, ‘মেয়েটির আর্থিক অবস্থা খুবই খারাপ। আপনারা পারলে ওর জন্য কিছু একটা করেন।’ রিকশা, ঠেলাগাড়ির চালকসহ বিভিন্ন শ্রেণীর শ্রমজীবী মানুষের খাবারের ব্যবস্থা করেই সংসার চালান রূপার বাবা-মা। রূপাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। বাবা মো. রবিজন একসময় রিকশা চালাতেন। পরে হূদেরাগের কারণে এ পেশা ছেড়ে দেন। এখন স্ত্রী পারুল বেগমের সঙ্গে কাজ করেন। শ্রমজীবী মানুষের জন্য বাজার করে আনেন। তাঁদের চার মেয়ে, বড় দুজনকে বিয়ে দিয়েছেন। একজনের স্বামী পোশাক কারখানায় শ্রমিক। অপরজন দর্জির কাজ করেন। রূপার মা পারুল বলেন, ‘মেয়েকে পড়াতে এত দিন তো কোনো খরচ লাগেনি। কিন্তু এখন কি করব, জানি না। কারণ, মানুষজনকে খাইয়ে যে টাকা পাই, তার বেশির ভাগই চলে যায় ওর বাবার চিকিৎসার খরচ জোগাতে। তারপর আছে ঘরের ভাড়া।’ পূর্ব টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঘনাদ বিশ্বাস জানান, ‘রূপা প্রথম শ্রেণী থেকেই আমাদের এখানে পড়ছে। ও প্রথম ছাড়া কখনো দ্বিতীয় হয়নি। চরম আর্থিক অনটনের মধ্যে থেকেও পড়াশোনা করে চালিয়ে গেছে নিয়মিত।’রূপার কাছ থেকে জানা যায়, সে প্রতিদিন চার-পাঁচ ঘণ্টা করে পড়ে। রাতে মোমবাতি জ্বালিয়ে বোনসহ দুজনে পড়াশোনা করে। ভবিষ্যতে কী হতে চাও? এ প্রশ্নের জবাবে রূপা বলে, যদি পড়ার সুযোগ পায় তাহলে প্রকৌশলী হওয়ার ইচ্ছে আছে তার। তবে দারিদ্র্যক্লিষ্ট এই পরিবারের মেয়ে হয়ে সে তার ইচ্ছা পূরণ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েই গেছে।